সাফ অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টে ভুটানের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন বাংলাদেশের শান্তি মার্ডি। তার রোল মডেল দেশের আর কেউ নন, জাতীয় নারী দলের আরেক তারকা ঋতুপর্ণা চাকমা!
বাফুফের ফেসবুক পেজে শান্তি আজ বলেছেন, ‘অনেক বড় খেলোয়াড় হতে চাই। ঋতু আপুর মতো।’
শান্তি মার্ডি নামটা একটু ব্যতিক্রম। তার বাবা এই নাম রেখেছেন। দুই ভাই ও দুই বোন। বাবা-মায়ের পাশাপাশি দাদি রয়েছেন। বাবা কৃষিকাজ করেন। কালকের হ্যাটট্রিক নিয়ে শান্তির প্রতিক্রিয়া, ‘অনেক খুশি হয়েছি। হ্যাটট্রিক করেছি। সর্বপ্রথম ধন্যবাদ দেই সৃষ্টিকর্তাকে।’
দুর্দান্ত পারফরম্যান্সের পর বাবার কাছ থেকে ফোন পেয়েছেন। তবে তার বাবা হ্যাটট্রিক মুহূর্তটি দেখতে পারেননি বলে জানালেন শান্তি, ‘বাবা ফোন করছেন, খেলা দেখেছেন, হাফ টাইমের আগে। পরে আর দেখতে পারেনি। পরে বলেছেন ভালো খেলেছি।’
শান্তি ফুটবলার হওয়ার গল্পটা শোনাতে গিয়ে বলেছেন, ‘আমার ফুটবল শুরু জেলা পর্যায়ে প্রাইমারি লেভেলের খেলা দিয়ে। লাইজু স্যার ও বিপুল স্যারের অবদান রয়েছে।’
বাফুফের ক্যাম্পে আসার পেছনের কথা বললেন শান্তি, ‘বিকেএসপিতে একটি টুর্নামেন্ট ছিল। সেখানে অনন্যা ম্যাডাম ও লিটু স্যার ছিলেন। সেখান থেকে বাফুফে ক্যাম্পে আসা।’









