একসময় বার্সেলোনায় একসঙ্গে খেলেছেন। সাবেক সতীর্থকে শিষ্য বানানোর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না সেস ফেব্রিগাস। লিওনেল মেসির সঙ্গে চুক্তি অসম্ভব মনে করছেন না কোমোর স্প্যানিশ কোচ।
গত সপ্তাহে লিলের বিপক্ষে কোমোর প্রাক মৌসুম ম্যাচে তিন সন্তানকে নিয়ে স্টেডিয়ামে দেখা গেছে মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোকে। এরপর গুঞ্জন ওঠে, ইন্টার মায়ামি অধিনায়ক হয়তো উত্তর ইতালিয়ান শহরে যাওয়ার কথা ভাবছেন।
আল আহলির সঙ্গে উদ্বোধনী কাপ ম্যাচের আগে মঙ্গলবার ফেব্রিগাসকে প্রশ্ন করা হয়, ভবিষ্যতে কি তার দলে মেসিকে খেলতে দেখা যেতে পারে? স্প্যানিশ কোচ বললেন, ‘কখনও হবে না, এমনটা তো বলা যায় না। সে (আন্তোনেলা) আমার বাসায় এক সপ্তাহের ছুটিতে এসেছিল। কারণ লিও (মেসি) সিনসিনাতি ও নিউ ইয়র্কে এক সপ্তাহের জন্য খেলতে গিয়েছিল।’
‘তারা (মেসির পরিবার) এই ফাঁকে বন্ধুদের সঙ্গে দেখা করলো। আমরা খুব ঘনিষ্ঠ বন্ধু, আমাদের স্ত্রীরাও খুব ভালো বন্ধু। আমাদের সন্তানরা সমবয়সী।’- বললেন সাবেক স্প্যানিশ ফরোয়ার্ড।
কোমোর স্পোর্টিং ডিরেক্টরের সঙ্গে মেসিকে নিয়ে কথা হয়েছে জানালেন তিনি, ‘(লিলি) খেলা শেষে আমি (কোমো স্পোর্টিং ডিরেক্টর) চার্লি লুদিকে বলেছিলাম, আমরা কখনও বলতে পারি না যে মেসি কোমোতে খেলবে না। কারণ তার বাচ্চারা এখানে খেলছিল। আমাদের অতীতের কারণে এটা দারুণ ব্যাপার। কিন্তু না, সে (মেসি) আমেরিকায় বেশ সুখে আছে। তাই আপাতত শান্ত থাকুন।’
আগামী ডিসেম্বরে মায়ামির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে মেসির। মেয়াদ বাড়াতে নাকি আলাপ করছেন আর্জেন্টাইন তারকা। অন্যদিকে কোমোকে গত মৌসুমে সিরি আয় দশম স্থানে রেখে শেষ করা ফেব্রিগাসের চুক্তির মেয়াদ আছে ২০২৮ সালের জুন পর্যন্ত।









