নারীদের এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ বাছাইয়ে লাওসকে হারিয়ে শুভ সূচনা হয়েছে বাংলাদেশের। ম্যাচ শেষে মিশ্র অনুভূতি ব্যক্ত করলেন কোচ পিটার জেমস বাটলার। জয়ের আনন্দের সঙ্গে শেষ দিকে গোল হজম করায় হতাশ তিনি। তবে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন বাংলাদেশ কোচ।
বুধবার স্বাগতিকদের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে বাংলাদেশ। সাগরিকার জোড়া গোলে জয়ের পর ‘এইচ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শুক্রবার তারা খেলবে তিমুর লেস্তের বিপক্ষে।
লাওসের জালে প্রথমার্ধেই বল জড়ান সাগরিকা। শেষ দিকে করেন আরেকটি গোল। মাঝে মুনকি আক্তারের গোলের পর একটি গোল হজম করে বাংলাদেশ, তা নিয়ে হতাশা লুকাননি বাটলার।
ব্রিটিশ কোচ উচ্ছ্বাস নিয়ে বললেন, ‘প্রথম ম্যাচ জেতা সবসময়ই দারুণ ব্যাপার। এতে করে আমরা পয়েন্ট পেয়েছি, পরের ম্যাচের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাচ্ছি। আমার মনে হয়, আমরা ভালোভাবে রক্ষণ সামলেছি, কখনও কখনও একটু ঝুঁকি নিয়েছি, কিন্তু আমরা এভাবেই খেলি। কারও এটা ভালো লাগবে, কারো লাগবে না।’
বাটলার বলে গেলেন, ‘আমরা সবসময় শুরুর দিকের সুযোগগুলো কাজে লাগানোর ক্ষেত্রে একটু চাপে থাকি। তবে আমি মনে করি, মেয়েরা আসলেই ভালো ফুটবল খেলেছে। রক্ষণ জমাট রাখতে চেয়েছে।’
তারপরই গোল হজমের হতাশা ব্যক্ত করলেও দলের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী থাকার কথা বললেন তিনি, ‘একটা বাজে গোল খেয়েছি আমরা, যেটা নিয়ে হতাশ ছিলাম আমি। তবে, সত্যি বলতে, আমি আসলেই মনে করি না, ওই গোল আমাদের কোনও বিপদের কারণ ছিল।’









