গত জুনে আচমকা পোল্যান্ডের জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান রবের্ত লেভানডোভস্কি। তৎকালীন কোচ মাইকেল প্রোবিয়েরজ আসার পর অধিনায়কত্ব হারানোর ক্ষোভ থেকে স্বেচ্ছায় নির্বাসিত হন তিনি। তবে নতুন কোচ আসার পর এই স্ট্রাইকার আবার জাতীয় দলে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন।
পোল্যান্ডের কোচ ইয়ান উরবান মঙ্গলবার বলেছেন, লেভানডোভস্কি আবার তার দেশের হয়ে খেলতে চাইছেন। গত জুনে প্রোবিয়েরজের পদত্যাগ করলে জুলাইয়ে কোচ হন উরবান। বিশ্বকাপ বাছাইয়ের বাধা উতরে যেতে তিনি ৩৬ বছর বয়সী স্ট্রাইকারকে ফেরানোর পদক্ষেপ নিয়েছেন।
বেসরকারি ব্রডকাস্টার আরএমএফ এফএম-কে উরবান বলেছেন, ‘আমি ফোনে রবের্ত লেভানডোভস্কির সঙ্গে কথা বলেছি। জানতে চেয়েছিলাম সে ফিরতে চায় কি না। সে হ্যাঁ বলেছে। তাই আমরা পরবর্তী ধাপে এগিয়ে যেতে চাই।’
১৫৮ ম্যাচে ৮৫ গোল করা লেভানডোভস্কি কি আবার অধিনায়ক হবেন, এই প্রশ্নে পোল্যান্ড কোচ বললেন, ‘আমি শুধু রবের্তর সঙ্গে এনিয়ে কথা বলতে চাই না, আরও যারা আছে- পিওতর জিয়েলিনস্কি (বর্তমান অধিনায়ক) এবং টিম কাউন্সিলের অন্য খেলোয়াড়রা থাকবে। সিদ্ধান্তটা আমার কিন্তু আমি খেলোয়াড়দের কথা শুনতে চাই এবং বুঝতে চাইবো তারা কী ভাবছে।’
বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের গ্রুপে ফিনল্যান্ড ও নেদারল্যান্ডসের পরে তিনে পোল্যান্ড। আগামী ৪ সেপ্টেম্বর ডাচদের মাঠে তারা খেলবে। তিন দিন পর ঘরের মাঠে তারা ফিনল্যান্ডের মুখোমুখি হবে।








