এই গ্রীষ্মে সন হিউং মিন এলএএফসিতে চলে যাওয়ায় টটেনহাম হটস্পারের নতুন অধিনায়ক হিসেবে ক্রিস্টিয়ান রোমেরোর নাম ঘোষণা করেছেন থমাস ফ্রাঙ্ক।
গত দুই মৌসুম সনের হাতে ছিল আর্মব্যান্ড। মে মাসে ইউরোপা লিগ জিতিয়ে স্পারদের ১৭ বছরের শিরোপার খরা ঘুচাতে নেতৃত্ব দেন দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড।
এই মাসে সন চলে যাওয়ায় কোচ ফ্রাঙ্ক নতুন অধিনায়কের খোঁজে ছিলেন। সেই জায়গায় নিজেকে দেখতে পেয়ে উচ্ছ্বসিত রোমেরো।
নর্থ লন্ডনে আঙ্গে পোস্তেকগলুর দুই বছরের মেয়াদে জেমি মেডিসনের সঙ্গে সহঅধিনায়কের দায়িত্বে ছিলেন রোমেরো। আর্জেন্টিনার বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকা জয়ী সেন্টার ব্যাক এক্স-এ পোস্ট দিয়ে অনুভূতি জানান, ‘আজ আমাদের নতুন মৌসুম শুরু, এটা আমার জন্য সত্যিই বিশেষ কিছু।’
২০২২ বিশ্বকাপে ট্রফি জেতা এই ডিফেন্ডার আরও বলেছেন, ‘এই সুন্দর ক্লাবের প্রথম অধিনায়ক হওয়া সত্যিই সম্মানের। আমি এখানে চার বছর আগে এসেছিলাম একটি স্বপ্ন নিয়ে: ক্লাবের ইতিহাসে আমার নাম লিখবো এবং একটি ট্রফি জিতে ছাপ রাখবো, আমি সেটা অর্জন করেছি।’
নিজের লক্ষ্য নিয়ে রোমেরো বলেছেন, ‘এখন আমাদের সামনে একটি নতুন যাত্রা। সুন্দর একটি মৌসুম আমাদের সামনে এবং একসঙ্গে আমরা ২০২৫ সালের ২১ মের অবিস্মরণীয় দিনের আনন্দ পুনরুজ্জীবিত করতে কাজ করে যাবো। এই যাত্রায় যাই ঘটুক না কেন, আমি শুধু একটি জিনিস চাইবো: ঐক্যবদ্ধ থাকো। অনেক উত্থান পতন থাকবে, কিন্তু একসঙ্গে কোনও কিছু অসম্ভব নয়। এগিয়ে যাও স্পার্স।’
গত এক দশকে টটেনহামের তৃতীয় অধিনায়ক হলেন রোমেরো। ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত ক্লাবটির নেতৃত্বে ছিলেন উগো লরিস।
বুধবার উয়েফা সুপার কাপে চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন পিএসজির মুখোমুখি হবে টটেনহাম।









