ফুটবলে ধুমকেতুর মতো আবির্ভাব হয়েছে লামিনে ইয়ামালের। মাঠে নৈপুণ্য দেখিয়ে চমৎকার সব সাফল্যে তিনি এখন জ্বলজ্বলে নক্ষত্র। এই বছর ব্যালন ডি’অর জয়ের দৌড়ে বেশ এগিয়ে বার্সেলোনা ফরোয়ার্ড। কিন্তু তার সবশেষ জন্মদিন উদযাপনের ধরনে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। এসবের মাঝেও যেন ইয়ামাল নিজেকে সামলে নিতে পারেন, সেজন্য পরামর্শ দিলেন তার ক্লাব সতীর্থ রবার্ট লেভানডোভস্কি। পেশাদার ক্যারিয়ার লম্বা করতে তাকে জীবনের সঠিক ভারসাম্য খুঁজে নিতে বললেন পোলিশ স্ট্রাইকার।
গত ১৩ জুলাই ১৮তম জন্মদিন পালন করেন ইয়ামাল। গ্যাংস্টার-থিমের এই পার্টিতে বিনোদনের জন্য ভাড়া করা হয়েছিল বামনদের। স্বর্ণকেশী মডেলকেও আনা হয়েছিল। ছেলের এমন উদযাপনে হতাশা প্রকাশ করেন তার মা।
এমন সময়ে লেভানডোভস্কি ইয়ামালকে উপভোগের লাগাম টেনে ধরতে বললেন, ‘লামিনের বয়স কম, সে জীবন উপভোগ করতে পারে। সেটা সে করতেই পারে কারণ শুধু ফুটবলে নয়, বাইরেও সবকিছুই তার সামনে। অবশ্যই সেটা তার জন্য কঠিন মুহূর্ত হবে, তার চারপাশের বিষয়গুলো কীভাবে সামলাতে হবে। নিঃসন্দেহে এটা তার জন্য সহজ হবে না কিন্তু তাকে সবকিছু উপভোগও করতে হবে। এই বয়সে সেটা সম্ভব, ভবিষ্যতে হয়তো নয়। তোমাকে কেবল ভারসাম্য খুঁজতে হবে।’
লেভানডোভস্কি আরও বললেন, ‘সে খুব ভালো ছেলে। লোকেরা বোঝে না আমরা কী সেটা আমরা দেখাতে চাই। সে কী, সেটা দেখায়। অবশ্যই অনেক জল্পনা থাকবে, এনিয়ে কথাও হবে অনেক। সেটা নির্ভর করবে কীভাবে লম্বা সময় ধরে সে এটা সামলাতে পারে। আমি মনে করি তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, সম্ভবত তাকেই উত্তর দিতে হবে, এটা কি (গণমাধ্যমের মনোযোগ কাড়া) দুই, তিন, চার বছরে অনেক বেশি হবে কি না।’
গত মে মাসে ২০৩১ সাল পর্যন্ত বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করেছেন ইয়ামাল। ক্লাবের আইকনিক ১০ নম্বর জার্সিও পেয়েছেন। লেভানডোভস্কির বিশ্বাস, বাইরের কোলাহল সামলাতে তাকে মানসিকভাবে শক্ত থাকতে হবে। একই সঙ্গে শীর্ষ পর্যায়ে পারফরম্যান্স করে যেতে হবে।
পোলিশ স্ট্রাইকারের কথা, ‘সে পরিশ্রম করছে। কিন্তু ফুটবলের বাইরে আবেগের ব্যাপারটি, যেটা একদিন সোশ্যাল মিডিয়ায় তোমাকে উপরে রাখবে, আরেকদিন মাটিতে নামাবে। সেটা হবে তোমার শরীর, মন, মাথার জন্য অনেক চাপের। সম্ভবত ভবিষ্যতে এটার উত্তর খুঁজে নিতে হবে তাকে।’









