ঢাকার জাতীয় স্টেডিয়ামে চলছে জাতীয় ফুটবল দলের অনুশীলন। মাত্র ১৩ জনকে নিয়ে ঘাম ঝরাচ্ছেন হাভিয়ের কাবরেরা। তবে আপাতত যারা আছেন, তাদের নিয়েই খুশি স্প্যানিশ কোচ।
নেপালে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেটাকে সামনে রেখে চলছে অনুশীলন। আজ বুধবার অনুশীলনের আগে সংবাদমাধ্যমকে কাবরেরা বলেছেন, ‘এখন পর্যন্ত আমাদের ক্যাম্পটা ইতিবাচক যাচ্ছে। আমরা সাতদিন ধরে অনুশীলন করছি। আমাদের এখানে ১৩ জন সিনিয়র খেলোয়াড় আছে। তবে কয়েকজন খেলোয়াড় নেই। কেউ আছে অনূর্ধ্ব-২৩ জাতীয় দলে, আবার কেউ বসুন্ধরা কিংসে। তাই স্কোয়াড পূর্ণ করার জন্য আমরা কয়েকজন অনূর্ধ্ব-১৯ খেলোয়াড়কে ডেকেছি।’
চলমান ক্যাম্প নিয়ে সন্তষ্ট কাবরেরা। তবে ক্যাম্পে সবাইকে না পাওয়ার হতাশাও কাজ করছে তার মধ্যে। তার কথাতে তা পরিষ্কার, ‘ক্যাম্প নিয়ে আমরা খুশি এবং খুবই ইতিবাচক। আমি মনে করি এটি কার্যকর হবে, কারণ প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পাচ্ছি। যেটা নেপালের বিপক্ষে প্রস্তুতির জন্যই শুধু কাজে আসবে না, বরং হংকং আর ভারতের বিপক্ষে বড় ম্যাচগুলোর কথাও ভেবে রাখছি। অবশ্যই আমরা চেয়েছি, সব খেলোয়াড় একসঙ্গে পেলে ভালো হতো।’
কিউবা মিচেল বসুন্ধরা কিংসের হয়ে খেলেছেন। কাবরেরা তার সম্পর্কে বলতে গিয়ে জানালেন, ‘সে (কিউবা) খুব বেশি সময় পায়নি, সত্যি বলতে। আমি তাকে নিয়ে ইতিবাচক। তবে বেশি কিছু বলার মতো খেলার সময় সে পায়নি, কারণ মাত্র ২০ মিনিট খেলেছে। কিন্তু আমি মনে করি তার ভালো এনার্জি আছে, মনোভাবও ভালো। অন্য ম্যাচগুলোতে তাকে দেখার অপেক্ষায় আছি।’
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের পর কাবরেরার পদত্যাগ চেয়েছিলেন সমর্থকরা। বাফুফের সদস্যদের অনেকের একই চাওয়া। একজন তো সংবাদ সম্মেলনে বরখাস্তের দাবি করেছিলেন। কাবরেরাকে তা মনে করিয়ে দিলে কূটনৈতিক উত্তর, ‘আমি সবার মতামতকে শ্রদ্ধা করি। বিভিন্ন সময়ে বাফুফে সদস্যদের সঙ্গে বেশ কয়েকবার বৈঠক করেছি। তারা তাদের মতামত দিয়েছেন, আমি আমারটা দিয়েছি। কেউ একমত হয়েছেন, কেউ ভিন্নমত দিয়েছেন, এটাই স্বাভাবিক।’
নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচের পর হংকং পরীক্ষা। কাবরেরা বললেন, ‘এখন আমাদের লক্ষ্য হলো এই উইন্ডোতে ভালোভাবে প্রস্তুতি নেওয়া। বিশেষ করে হংকংয়ের বিপক্ষে ঘরের মাঠে ম্যাচের পরিকল্পনা করছি। কারণ আমরা জানি ওটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ হতে যাচ্ছে।’
খেলোয়াড়দের আগে ডাকা নিয়ে কাবরেরার কথা, ‘সেই টার্গেট… তাই খেলোয়াড়দের আগে থেকে ডাকা হয়েছে। কারণ, আপনারা জানেন, জুন থেকে অনেকেই অনুশীলনে ছিল না। আমরা নিশ্চিত হতে চাই যে, তারা প্রস্তুত এবং ফিট অবস্থায় নেপালের বিপক্ষে নামবে।’








