প্রথমবার স্পেনের বাইরে লা লিগা একটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছে। ডিসেম্বরে ভিয়ারিয়াল ও বার্সেলোনার ম্যাচ হবে যুক্তরাষ্ট্রে। স্প্যানিশ ফুটবল ফেডারেশন তাতে সায় দিয়েছে। তবে দেশের বাইরে প্রথমবার এই ম্যাচ আয়োজনে পূর্ণ সমর্থন পাচ্ছে না আয়োজকরা।
এরই মধ্যে ম্যাচের বিরোধিতা করেছে রিয়াল মাদ্রিদ। এবার তাদের সঙ্গে যোগ দিয়েছে স্প্যানিশ খেলোয়াড়দের অ্যাসোসিয়েশন। তারা এক বিবৃতিতে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, সম্ভাব্য এই সূচিতে তারাও সন্তুষ্ট নয়।
তারা জানিয়ে দিয়েছে, ‘স্প্যানিশ ফুটবলারদের সংগঠন (এএফই) এবং লা লিগার সকল অধিনায়ক বৃহস্পতিবার বিকালে বৈঠক করে ১১ আগস্ট আরএফইএফ কর্তৃক ঘোষিত এই মৌসুমে দেশের বাইরে লা লিগা ম্যাচের প্রস্তাব পর্যালোচনা করেছে এবং এই সিদ্ধান্তের বিরোধিতা করে উয়েফা এবং ফিফার কাছে তা উত্থাপন করা হবে।’
আরও বলেছে, ‘এএফই খেলোয়াড়দের বিষয়টি অবহিত করে তাদের মতামত জানার জন্য লা লিগাকে সমস্ত বিবরণসহ একটি বিস্তারিত প্রতিবেদন দিতে বলেছিল। এই পরিস্থিতিতে আমরা বিবেচনা করি যে, খেলোয়াড়দের সঙ্গে সংলাপ এবং তাদেরকে কিছু না জানিয়ে লা লিগা এই প্রকল্প শুরু করেছে এবং সেটা আরএফইএফের পরিচালক বোর্ডের কোনও তথ্য ছাড়াই। এটি খেলোয়াড়দের প্রতি শ্রদ্ধার অভাব। আমরা ঐক্যবদ্ধ। আমরা সম্মান এবং স্বচ্ছতা চাই।’
এখন দেখার অপেক্ষা এই বিষয়টি কোন দিকে গড়ায়। এই মাসের শেষ দিকে হয়তো কোনও সমাধানে আসবে কর্তৃপক্ষ।









