গত অক্টোবরে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে চাকরিচ্যুত হন টেন হাগ। তার পর জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনে জাবি আলোনসোর উত্তরসূরি হিসেবে যোগ দেন তিনি। সেখানে বুন্দেসলিগার দুই ম্যাচ পর আবার চাকরি হারালেন তিনি। তাকে বরখাস্ত করেছে লেভারকুসেন।
ক্লাবটির ক্রীড়া পরিচালক সিমন রলফেস বিবৃতিতে জানান, ‘এই সিদ্ধান্ত নেওয়া আমাদের জন্য সহজ ছিল না। এই পদক্ষেপ নিতে চায়নি কেউ। গত কয়েক সপ্তাহেই দেখা গেছে যে, নতুন ও সফল একটি দল গড়ে তোলার পদক্ষেপটা কার্যকর হয়নি।’
এই বরখাস্তের ফলে ৫৫ বছর বয়সী ডাচ কোচ অনাকাঙ্ক্ষিত একটি রেকর্ড গড়েছেন। বুন্দেসলিগা মৌসুমে এত তাড়াতাড়ি বরখাস্ত হওয়া প্রথম কোচ এরিক টেন হাগ। এর আগে পাঁচ ম্যাচ ছিল সবচেয়ে কম।
২০২২ সালের জুলাইয়ে ইউনাইটেডের দায়িত্ব নেন টেন হাগ। তিনি এফএ কাপ ও লিগ কাপ জিতলেও ২০২৪-২৫ মৌসুমে প্রথম আট ম্যাচে মাত্র এক জয়ের পর তাকে বিদায় দেয় ইংলিশ জায়ান্টরা। যা ছিল প্রিমিয়ার লিগ যুগে ইউনাইটেডের সবচেয়ে খারাপ সূচনার নজির।
লেভারকুসেন টেন হাগের উত্তরসূরির নাম ঘোষণা করেনি। তারা বলেছে, আপাতত দায়িত্ব পালন করবেন সহকারী কোচরা।
১ জুলাই লেভারকুসেনের দায়িত্ব নেওয়া টেন হাগের প্রথম ম্যাচেই ৫-১ গোলে হেরে যায় দলটি। প্রীতি ওই ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোর অনূর্ধ্ব-২০ দল!
এরপর জার্মান কাপের প্রথম রাউন্ডে চতুর্থ-স্তরের সোনেনহফ গ্রসআস্পাখকে ৪-০ গোলে হারালেও বুন্দেসলিগার প্রথম দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট পায় লেভারকুসেন।
হফেনহাইমের বিপক্ষে ২-১ গোলে ঘরের মাঠে হারের পর শনিবার ১০ জন নিয়ে খেলা ভের্দার ব্রেমেনের বিপক্ষে শেষ মুহূর্তে দুই গোল হজম করে ৩-৩ ড্র করে তারা।









