দ্বিতীয় বিভাগের দল কেমন চ্যালেঞ্জ জানায় সেটা আগের দিনই টের পেয়েছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনাও টের পেয়েছে সেটা। যদিও সেটা তাদের হারিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল না। কোপা দেল রের শেষ ষোলোয় রেসিং সান্তান্দারের বিপক্ষে ঘাম ঝরানো জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কাতালান দল। জিতেছে ২-০ ব্যবধানে।
অবশ্য আগের রাতে রিয়ালকে বড় চমক দেখিয়েছে আলবাসেতে। রিয়াল মাদ্রিদকে বিদায় করেছে তারা। লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনাও দ্বিতীয় স্তরের দল সান্তান্দারের বিপক্ষে শুরুতে সুবিধা করতে পারেনি। গোলের জন্য অপেক্ষা করতে হয় দ্বিতীয়ার্ধ পর্যন্ত। ৬৬ মিনিটে ফেরান তোরেসের গোলেই ম্যাচের মোড় ঘুরে যায়। ফেরমিন লোপেজের চোখধাঁধানো পাসে সান্তান্দারের রক্ষণ ভাঙেন এই ম্যাচে অধিনায়ক হিসেবে মাঠে নামা তোরেস। যোগ হওয়া সময়ে জয় নিশ্চিত করেন লামিনে ইয়ামাল। রাফিনহার ক্রস থেকে সহজেই গোলটি করেন তিনি।
গোলের আগে পর্যন্ত বলের দখল পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল বার্সেলোনা। কিন্তু সান্তান্দারের জমাট রক্ষণ ভাঙতে হিমশিম খেতে হয় হান্সি ফ্লিকের শিষ্যদের।।
গত মৌসুমে রিয়াল মাদ্রিদের বিপক্ষে দাপটের সঙ্গে কোপা দেল রের শিরোপা জিতেছিল বার্সেলোনা। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ কারা হবে, সেটা জানা যাবে আগামী সোমবার।







