৬ বছরে এই প্রথম বড় কোনও কাপ ফাইনালে যাওয়ার কীর্তি গড়েছে আর্সেনাল। লিগ কাপে সেমিফাইনালের দ্বিতীয় লেগে চেলসিকে ১-০ গোলে হারিয়েছে তারা। তাতে দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে জিতে নিশ্চিত হয়েছে ফাইনাল। যাকে জাদুকরী সাফল্য হিসেবে দেখছেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। তার ভাষায়, এই অর্জনই আমাদের জন্য শরীরের সেরা ভিটামিন।
মঙ্গলবার রাতে চেলসির বিপক্ষে বদলি হিসেবে নেমে যোগ করা সময়ে একমাত্র গোলটি করেন কাই হাভার্টজ। এমিরেটস স্টেডিয়ামে ঠান্ডা ও বৃষ্টিভেজা রাতে রক্ষণাত্মক কৌশল নিয়েছিল চেলসি। এক ঘণ্টা পর কোল পালমার ও এস্তেভাওকে নামালেও আক্রমণে তেমন ধার আনতে পারেনি।
এই জয়ে আর্তেতার দল এখন তাকিয়ে আছে ২২ মার্চ ওয়েম্বলির ফাইনালের দিকে। সেখানে প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি কিংবা নিউক্যাসল ইউনাইটেড।
আর্তেতার অধীনে আর্সেনালের একমাত্র শিরোপাটি এসেছে ২০২০ সালের এফএ কাপ ফাইনালে। এরপর টানা চারটি সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে। সবশেষ এই জয়ে সেই হতাশাও কাটিয়েছে তারা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাই আর্তেতা বলেছেন, ‘আমরা এখন মাত্র এক ম্যাচ দূরে। প্রতি তিন দিনে একবার করে খেলতে হচ্ছে, তাই এই ধরনের সাফল্যই আমাদের শরীরের জন্য সেরা ভিটামিন। এই মুহূর্তগুলো অর্জনের জন্য আমরা কতটা কঠোর পরিশ্রম করেছি, তার ওপর একসঙ্গে সেই মুহূর্ত উপভোগ আসলেই জাদুকরী।’
তবে এখনই ফাইনালের স্বপ্নে বিভোর হওয়ার সুযোগ নেই বলে জানান আর্তেতা, ‘এর মধ্যেই বিষয়টা এক পাশে রাখতে হবে, কারণ তিন দিনের মধ্যেই প্রিমিয়ার লিগে এখানে আমাদের আরেকটি বড় ম্যাচ অপেক্ষা করছে (সান্ডারল্যান্ডের বিপক্ষে)।’








