গত ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ শেষে স্পেনে ফিরে গিয়েছিলেন জাতীয় দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। দীর্ঘ বিরতির পর মঙ্গলবার ঢাকায় ফিরেছেন ৪১ বছর বয়সী এই কোচ। তবে ফিরে দেখলেন ভিন্ন চিত্র! বাংলাদেশ ফুটবল লিগে যে, এখনও খেলা শুরু হয়নি।
কোচের পরিকল্পনা ছিল লিগের ফিরতি পর্বের ম্যাচগুলো মাঠে বসে দেখে ২৬ মার্চ ভিয়েতনাম ও ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য দল চূড়ান্ত করবেন। কিন্তু লিগের সূচি পিছিয়ে যাওয়ায় সেই পরিকল্পনায় ধাক্কা লেগেছে।
বাফুফে সূত্রে জানা গেছে, আগে থেকে কাবরেরাকে জানানো হয়েছিল এই সময় থেকেই লিগের খেলা শুরু হবে। সে অনুযায়ী টিকিট কেটে ঢাকায় আসেন তিনি। কিন্তু লিগ স্থগিতের নতুন তথ্য তার কাছে পৌঁছেনি। ফলে এখন কার্যত অপেক্ষা করা ছাড়া উপায় নেই কোচের।
বাংলাদেশের পরবর্তী দুটি ম্যাচই বিদেশের মাটিতে। ২৬ মার্চ ভিয়েতনাম ও ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার কথা। ম্যাচের অন্তত এক সপ্তাহ আগে ভিয়েতনামে ক্যাম্প করারও পরিকল্পনা রয়েছে। এ নিয়ে প্রস্তুতি চলছে। তবে দীর্ঘদিন লিগ বন্ধ থাকায় খেলোয়াড়দের ম্যাচ ফিটনেস ও সাম্প্রতিক পারফরম্যান্স মূল্যায়নের সুযোগ কমে গেছে।
বিশেষ করে শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংসসহ কয়েকটি দল এখনও অনুশীলন শুরু করেনি। এতে জাতীয় দলের খেলোয়াড়দের প্রস্তুতি নিয়ে শঙ্কা বাড়ছে। তাছাড়া ভিয়েতনাম ও সিঙ্গাপুর—দুটি দলই শক্তিশালী। তাদের মাঠে ভালো ফল পেতে হলে প্রস্তুতিতে ঘাটতি রাখা যাবে না। লিগের কয়েক রাউন্ড হলে অন্তত খেলোয়াড়দের ফর্ম দেখে দল গঠনের সুযোগ থাকতো। কিন্তু লিগ কমিটির পক্ষ থেকে সূচি নিয়ে স্পষ্ট কোন ঘোষণা নেই।
এ অবস্থায় লিগ শুরু হোক বা না হোক, বিরতির আগের পারফরম্যান্সের ভিত্তিতেই দল গঠনের ইঙ্গিত মিলছে। এখন দেখার বিষয়, ঢাকায় ফিরে ম্যাচহীন পরিস্থিতিতে কোচ কাবরেরা কীভাবে খেলোয়াড়দের প্রস্তুত ও উজ্জীবিত রাখেন।









