শুধু ছিল একটি গোলের অপেক্ষা! অবশেষে বুধবার রাতে সেটিরও দেখা পেয়েছেন আর্জেন্টাইন সুপার স্টার। ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে ৯০০ গোলের মাইফলক ছুঁয়েছেন ইন্টার মায়ামি তারকা। অবশ্য ব্যক্তিগত সেই অর্জন ম্লান হয়ে গেছে দলগত হতাশায়। তার জাদুকরী স্পর্শও শেষ পর্যন্ত ইন্টার মায়ামিকে রক্ষা করতে পারেনি। ন্যাশভিলের সঙ্গে ১-১ গোলে ড্র করে অ্যাওয়ে গোলের নিয়মে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ থেকে বিদায় নিয়েছে মেসির দল।
শেষ ষোলোর দ্বিতীয় লেগে ৩৮ বছর বয়সী মেসি ম্যাচের সপ্তম মিনিটে গোল করে মায়ামিকে ১-০ ব্যবধানে এগিয়ে দিয়েছিলেন। কিন্তু ৭৪ মিনিটে ন্যাশভিলের ক্রিস্তিয়ান এসপিনোজা জোরালো শটে সমতা ফেরালে কপাল পোড়ে তাদের। দুই লেগ মিলিয়ে স্কোরলাইন ১-১ হওয়ার পর বাকি সময় মায়ামিকে আটকে রেখে অ্যাওয়ে গোলের সুবিধায় কোয়ার্টার ফাইনালে উঠে যায় ন্যাশভিল।
চেজ স্টেডিয়ামে মেসির শুরুর গোল উৎসবের ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত সেটি মিশ্র অনুভূতিতে শেষ হয়েছে। এই গোলের মাধ্যমে মায়ামির হয়ে মেসির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৮১।
৮বারের ব্যালন ডি’অরজয়ী মেসি এর আগে বার্সেলোনার হয়ে ৬৭২টি, পিএসজির হয়ে ৩২টি এবং আর্জেন্টিনার জার্সিতে আন্তর্জাতিক পর্যায়ে আরও ১১৫টি গোল করেছেন।
সিনিয়র ফুটবলে মেসির প্রথম গোলের প্রায় ২১ বছর পর এলো ৯০০তম গোল। ২০০৫ সালে ১৭ বছর বয়সে বার্সেলোনার হয়ে আলবাসেতের বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ের দিনে প্রথম গোল করেছিলেন তিনি।
চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড ছুঁতে মেসির সামনে এখনও অনেক পথ বাকি। ৪১ বছর বয়সী এই পর্তুগিজ তারকার ক্যারিয়ার গোলসংখ্যা বর্তমানে ৯৬৫।








