বাংলাদেশ দলের সবচেয়ে বড় তারকা হামজা দেওয়ান চৌধুরী। ইংলিশ লিগে খেলা এই ডিফেন্সিভ মিডফিল্ডারের মাঠে থাকা মানেই বাড়তি প্রেরণা। লড়াইয়ের বড় রসদ। আর প্রতিপক্ষের কাছে অন্যতম বড় ভীতির কারণ ইংল্যান্ডে বেড়ে ওঠা ফুটবলারই। বুধবার সংবাদ সম্মেলনে ভিয়েতনাম কোচও হামজাকে আলাদা করে মার্ক করেছেন। তাকে আটকানোর ইঙ্গিতও দিয়ে রেখেছেন তিনি।
বৃহস্পতিবার ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায় ভিয়েতনামের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। এশিয়ান কাপের বাছাই পর্বে ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে লড়াইয়ের আগে হ্যানয়ের এই ম্যাচ দিয়ে নিজেদের ঝালিয়ে নেওয়াই বড় লক্ষ্য। ভিয়েতনাম কোচ কিম স্যাং সিক অবশ্য প্রীতি ম্যাচে নতুন খেলোয়াড়দের পরখ করে নিতে চান। সংবাদ সম্মেলনে বলেছেন, ‘অনেক দিন পর পুরো দল একসঙ্গে হয়েছে। আমি নতুন খেলোয়াড়দের, বিশেষ করে হোয়াং হেন-এর পারফরম্যান্স দেখার জন্য মুখিয়ে আছি। সমর্থকদের আনন্দ দিতে ভিয়েতনাম দল দারুণ প্রস্তুতি নিচ্ছে। হেন-কে দলে পেয়ে আমি খুশি। দীর্ঘ সময় ভি-লিগে খেলার পর অবশেষে সে জাতীয় দলের জার্সি গায়ে দেওয়ার সুযোগ পেলো। গত পাঁচ বছরে হেন নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছে।’
বাংলাদেশের বিপক্ষে খেলার কৌশল নিয়েও কথা বলতে হয়েছে কোচকে, ‘অনুশীলন ও ম্যাচ দেখে মনে হয়েছে আক্রমণে হেন-কে ব্যবহার করার অনেক সুযোগ আছে। সুয়ান সন এবং হোয়াং হেন-কে আমি চাইলে দুই স্ট্রাইকার হিসেবে অথবা একজনকে মূল স্ট্রাইকার ও অন্যজনকে উইঙ্গার হিসেবে খেলাতে পারি।’
দুই খেলোয়াড়ের উপস্থিতি নিয়ে কোচ আত্মবিশ্বাসী, ‘ভ্যান হাউ এবং ডিন ট্রং সম্প্রতি ভি-লিগে খুব ভালো খেলছে, তাই তারা দলে জায়গা পাওয়ার যোগ্য। ইনজুরির কারণে তারা কঠিন সময় পার করলেও এখন তারা শারীরিকভাবে ফিট। তাদের উপস্থিতিতে আমাদের রক্ষণভাগ আরও শক্তিশালী হবে।’
বাংলাদেশ প্রসঙ্গে ভিয়েতনাম কোচ বললেন, ‘গত বছরের তুলনায় বাংলাদেশ দলে অনেক পরিবর্তন এসেছে—কোচিং স্টাফ থেকে শুরু করে স্কোয়াড, বিশেষ করে প্রবাসী খেলোয়াড়দের অন্তর্ভুক্তি। আমি জানি হামজা ইংল্যান্ডে খেলছে। তার খেলার ভিডিও বিশ্লেষণ করছি যাতে তাকে আটকানোর উপায় বের করা যায়। আমাদের লক্ষ্য এই ম্যাচে জয়লাভ করা।’
ফিফা র্যাঙ্কিংয়ে ৭৮ ধাপ এগিয়ে থাকা দলটির অধিনায়ক দো দাই মানের পরিষ্কার কথা, ‘আমরা মনোযোগী থাকবো এবং কোচিং স্টাফের নির্দেশনা অনুযায়ী সুশৃঙ্খল ফুটবল খেলবো। যদিও এটি প্রীতি ম্যাচ, কিন্তু ফিফা র্যাঙ্কিংয়ে এর প্রভাব থাকায় আমরা জয়ের জন্যই মাঠে নামবো।’








