চ্যালেঞ্জ যত বড়, নিজেদের প্রমাণের মঞ্চও তত বিস্তৃত। উন্নতির পথ খুঁজতে কঠিন লড়াইয়ের বিকল্প নেই। বাংলাদেশ শক্তিশালী দলের বিপক্ষে খেলতে চেয়েছিল। আর সেই সুযোগই যেন এবার সামনে এনে দিয়েছে ভিয়েতনাম। ফিফা র্যাঙ্কিংয়ের ১০৩ নম্বরে থাকা ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। প্রীতি ম্যাচে ৭৮ ধাপ এগিয়ে থাকা দলটিকে পেয়ে মোটেও ভীত নয় জামাল ভূঁইয়ারা। বৃহস্পতিবার হ্যানয়ের মাঠে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার ম্যাচে স্বাগতিকদের সঙ্গে সমান তালে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া।
এশিয়ান কাপ বাছাইয়ে ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। তার আগে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের আরও ঝালিয়ে নিতে চায় হাভিয়ের কাবরেরার দল।
হ্যানয়ে সংবাদ সম্মেলনে শুরুতে বাংলাদেশ কোচ বলেছেন, ‘আমাদের মূল লক্ষ্য সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুতি নেওয়া। তার আগে ভিয়েতনামের বিপক্ষে খেলা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী দল। তাদের বিপক্ষে খেললে আমাদের আত্মবিশ্বাস বাড়বে।’
ভিয়েতনাম দলে প্রবাসী ফুটবলারের উপস্থিতি নিয়ে সতর্ক স্প্যানিশ এই কোচ। তিনি বলেছেন, ‘সুয়ান সন এবং আরেকজন ব্রাজিলীয় বংশোদ্ভূত খেলোয়াড় (হোয়াং হেন)-এর উপস্থিতিতে ভিয়েতনাম দল এখন অনেক শক্তিশালী। আমরা আশা করি, বাংলাদেশ তাদের সেরা একাদশের বিপক্ষেই খেলতে পারবে।’
কালকের ম্যাচে হামজা চৌধুরীর খেলা প্রসঙ্গে কোচ জানিয়েছেন, ‘হামজা মাত্র গতকাল বিকালে পৌঁছেছে। সে ভালো আছে, তবে আবহাওয়া ও সময়ের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগবে। ম্যাচে সে খেলবে কি না, তা পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।’
কোচের পাশে বসে অধিনায়ক জামাল ভূঁইয়া লড়াইয়ের প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, ‘কঠিন ম্যাচ হতে যাচ্ছে, তবে বাংলাদেশ দল উন্নতি করছে। আমাদের বিশ্বাস আছে, আমরা ভিয়েতনামের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করতে পারবো।’









