টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের মঞ্চে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছে ইতালি। তার পর থেকে সমালোচনার মুখে রয়েছেন দেশটির ফুটবল প্রধান। এবার তো ইতালির ক্রীড়ামন্ত্রী আন্দ্রেয়া আবোদি সেই প্রধানের পদত্যাগ চেয়েছেন।
মঙ্গলবার প্লে-অফে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে টাইব্রেকারে পরাজয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য এ বছরের বিশ্বকাপ থেকে ছিটকে গেছে ইতালি। তার পর থেকেই দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি গ্যাব্রিয়েলে গ্রাভিনার পদত্যাগের দাবি উঠেছে। গ্রাভিনা পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন। তবে আগামী সপ্তাহে বোর্ড সভায় তার পদে থাকা না থাকা নিয়ে সিদ্ধান্ত হবে।
এক বিবৃতিতে ইতালির ক্রীড়ামন্ত্রী আবোদি নিজের প্রতিক্রিয়ায় বলেছেন, ‘স্পষ্ট যে ইতালীয় ফুটবলকে নতুন করে গড়ে তুলতে হবে, আর সেই প্রক্রিয়া শুরু হতে হবে ফেডারেশনের শীর্ষ পর্যায়ে পরিবর্তনের মাধ্যমে।’
২০১৮ সালের শেষ দিকে ইতালির ফুটবল ফেডারেশনের দায়িত্ব নেন গ্রাভিনা। এর আগে সুইডেনের বিপক্ষে বিশ্বকাপ প্লে-অফে ইতালির ব্যর্থতার পর কার্লো তাভেক্কিও পদ ছাড়েন।
ইতালির ফেডারেশনের একটি সূত্র এএফপিকে জানিয়েছে, বৃহস্পতিবার বিকালে ইতালির তিনটি পেশাদার লিগের প্রধানদের পাশাপাশি খেলোয়াড় ও রেফারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন গ্রাভিনা।
এদিকে, গ্রাভিনা ও ফেডারেশনের বিরুদ্ধে ক্ষোভ জানাতে রোমে ফেডারেশনের সদর দপ্তরে ডিম নিক্ষেপ করেছেন কিছু সমর্থক।
ইতালির পরাজয়ের পর গণমাধ্যমে কথা বলতে গিয়ে রাষ্ট্রের পক্ষ থেকে ফুটবলের প্রতি সমর্থনের অভাবের অভিযোগ তুলেছিলেন গ্রাভিনা। তার পরেই ক্রীড়ামন্ত্রী আবোদি পদত্যাগের মন্তব্যটি করেছেন। তবে গ্রাভিনা স্বীকার করেছেন যে, ইতালির ফুটবল গভীর সংকটে রয়েছে।
গ্রাভিনা বলেছেন, ‘এটি এমন একটি সংকট, যা নিয়ে শুধু ফেডারেশন নয়, রাজনীতিবিদদেরও গভীরভাবে ভাবা প্রয়োজন। কিন্তু তারা কেবল পদত্যাগের দাবিতেই সীমাবদ্ধ থেকেছেন।’
ফুটবলের তুলনায় অন্যান্য খেলাকে ‘অপেশাদার’ ও ‘রাষ্ট্রনির্ভর’ বলেও মন্তব্য করেন তিনি। তার দাবি, অলিম্পিয়ানসহ অনেক ক্রীড়াবিদ নামমাত্রভাবে দেশটির সশস্ত্র বাহিনী ও পুলিশের বিভিন্ন শাখায় কর্মরত থাকেন।
সম্প্রতি মিলান-কোর্তিনা শীতকালীন অলিম্পিকে ইতালি রেকর্ড ৩০টি পদক জিতেছে, যার মধ্যে ১০টি স্বর্ণ। আর ২০২৪ প্যারিস গ্রীষ্মকালীন অলিম্পিক থেকে তারা পেয়েছে ৪০টি পদক। এছাড়া টেনিস তারকা ইয়ানিক সিনারের মতো ক্রীড়াবিদদের মাধ্যমে বিভিন্ন খেলায়ও ইতালির সাফল্য রয়েছে।
তারই প্রেক্ষাপটে ক্রীড়ামন্ত্রী আবোদি মন্তব্য করেছেন, ‘টানা তৃতীয়বার বিশ্বকাপে উঠতে না পারার দায় এড়িয়ে গিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দোষারোপ করা এবং অন্যান্য খেলাধুলার গুরুত্ব ও পেশাদারিত্বকে খাটো করে দেখা মারাত্মক ভুল।’








