অ্যাওয়ে ম্যাচ শেষে ফেরার পথে সশস্ত্র ডাকাতদের হামলায় নিহত হয়েছেন ঘানাইয়ান এক ফুটবলার।
নিহত খেলোয়াড়ের নাম ডমিনিক ফ্রিম্পং। তিনি ঘানা প্রিমিয়ার লিগের বেরেকুম চেলসির উইঙ্গার। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ) ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
দেশটির দক্ষিণাঞ্চলের সামরেবোয়িতে সামারটেক্সের বিপক্ষে ম্যাচ শেষে দলটি যখন বাড়ি ফিরছিল, তখন গোয়াসো–বিবিয়ানি সড়কে ডাকাতির ঘটনাটি ঘটে।
সোমবার এক বিবৃতিতে ক্লাবটি জানায়, ‘সামরেবোয়ি থেকে বেরেকুমে ফেরার পথে আমাদের দলীয় বাসে সশস্ত্র ডাকাতদের একটি দল হামলা চালায়। তারা রাস্তা আটকে আমাদের যাত্রা থামিয়ে দেয়।’
তারা আরও জানায়, ‘মুখোশধারী অস্ত্রধারীরা বাসটি ঘোরানোর চেষ্টা করলে গুলি চালাতে শুরু করে। এ সময় খেলোয়াড় ও কর্মকর্তারা পাশের ঝোপে গিয়ে আশ্রয় নেন।’
পরে ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, ২০ বছর বয়সী ফ্রিম্পং এ ঘটনায় নিহত হয়েছেন।
এক বিবৃতিতে ঘানার ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, ‘বেরেকুম চেলসি ফুটবল ক্লাবের ডমিনিক ফ্রিম্পংয়ের মৃত্যুর মর্মান্তিক সংবাদে আমরা গভীরভাবে শোকাহত ও বিস্মিত।’
এর আগে ২০২৩ সালে একই ধরনের আরেক ঘটনায় সামারটেক্সের বিপক্ষে ম্যাচ শেষে লেগন সিটিজের দলীয় বাসে হামলা হয়েছিল। তবে কেউ আহত হননি।







