জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া সম্প্রতি এক পডকাস্টে ক্যারিয়ারের শুরুর দিকের অভিজ্ঞতা তুলে ধরেছেন। সেখানে তিনি অভিযোগ করেন, ডেনমার্ক প্রবাসী ফুটবলার হিসেবে জাতীয় দলে শুরুর দিকে তাকে নাকি সতীর্থরা পাস দিতেন না। জামালের এই মন্তব্যের পরই তার সেই সময়ের সতীর্থ তকলিস আহমেদ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে লন্ডন প্রবাসী সাবেক এই স্ট্রাইকার লিখেছেন, ‘দয়া করে আপনার সতীর্থদের প্রতি সম্মান বজায় রাখুন, জনাব জামাল ভূঁইয়া। আমি আপনার সঙ্গে খোলাখুলি কথা বলতে চাই। আমরা যখন জাতীয় দলে সঙ্গে ছিলাম, তখন আপনি উল্লেখ করেছিলেন যে কিছু খেলোয়াড় আপনাকে পাস দিচ্ছিল না। কাউকে দোষারোপ করার মানসিকতা পরিহার করা জরুরি—আপনার সতীর্থরা আপনাকে সমর্থন দিচ্ছেন এবং আন্তর্জাতিক পর্যায়ে আপনার সাফল্যের পেছনে এই সমর্থনের বড় ভূমিকা রয়েছে।’
এরপরই তার আহ্বান, ‘আপনার মানসিকতায় কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করুন, মাঠে নিজের পারফরম্যান্সের দিকে মনোনিবেশ করুন এবং আশেপাশের সবার প্রতি সম্মান প্রদর্শন করুন। অন্যদের ওপর দোষ না চাপিয়ে নিজের উন্নতির দিকে মনোযোগ দিন।’









