টিভিতে ফুটবল বিশ্বকাপ কি দেখা যাবে না?

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ মে ২০২৬, ০৯:৪৭ আপডেট : ১৩ মে ২০২৬, ০৯:৪৭

ফুটবল বিশ্বকাপ মানে উন্মাদনা। বাংলাদেশ অংশ না নিলেও বিশ্বকাপ নিয়ে বাংলাদেশিদের আগ্রহের অন্ত নেই। বিষয়টি নজরে এসেছে ফিফারও। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একাধিকবার বাংলাদেশের দর্শকদের বিভিন্ন ছবি ও ভিডিও শেয়ারও করেছে ফুটবলের নীতি নির্ধারণী সংস্থাটি।

বিশ্বকাপ এলেই বাংলাদেশের অলিতে-গলিতে উড়ে পতাকা। কে কত বড় পতাকা লাগাতে পারবে তা নিয়ে হয় পাল্লা। এমনকি, চায়ের দোকানের ছোট টেলিভিশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বড় পর্দায় দেখানো হয় খেলা। তবে, আসন্ন ২০২৬ বিশ্বকাপ বাংলাদেশের দর্শকরা দেখতে পারবে কি না তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের এখন পর্যন্ত স্বত্ব কিনতে পারেনি বাংলাদেশের কোনও সম্প্রচারমাধ্যম।

বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচারের জন্য স্বত্ব পেয়েছে সিঙ্গাপুরভিত্তিক মিডিয়া সংস্থা ‘স্প্রিংবক’। সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠানটি সম্প্রচার স্বত্বের জন্য প্রায় ১৫১ কোটি টাকা দাবি করেছে। এর সঙ্গে কর (এআইটি) ও ভ্যাট যোগ করলে খরচ দাঁড়াবে প্রায় ২০০ কোটি টাকায়। বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এত বিশাল অঙ্কের টাকা দিয়ে স্বত্ব কেনা স্থানীয় চ্যানেলগুলোর জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বিশাল এই আর্থিক ব্যবধানের কারণে কোনও সম্প্রচার মাধ্যম সমঝোতায় পৌঁছাতে পারেনি। তাতে বাংলাদেশে পুরো মৌসুম বিশ্বকাপ দেখা নিয়েই শঙ্কা তৈরি হয়েছে।  

২০২২ সালের কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব ৯৮ কোটি টাকায় কিনেছিল বিটিভি। যার কারণে বড় ক্ষতির মুখে পড়তে হয়েছিল দেশের একমাত্র সরকারি টেলিভিশনকে। বাংলা ট্রিবিউনের পক্ষ থেকে যোগাযোগ করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ টেলিভিশনের এক ঊধ্বর্তন কর্মকর্তা বলেছেন, ‘স্প্রিংবক থেকে আমাদের কাছে ১৫১ কোটি টাকার একটি প্রস্তাব এসেছে। এছাড়া এর সঙ্গে ট্যাক্স ও ভ্যাট মিলিয়ে সেটা দুইশত কোটি টাকা দাঁড়াবে।’

তারপরই ওই কর্তা জানান, এত অর্থ দিয়ে আসলে বিটিভির মতো প্রতিষ্ঠানের খেলা দেখানো অসম্ভব। তার কারণও ব্যাখ্যা করেছেন তিনি, ‘আসলে এত টাকা দিয়ে বিটিভির পক্ষে বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব কেনা সম্ভব নয়। বিটিভির সারা বছরের বাজেটই আছে তিনশত কোটি টাকা। এর মধ্যে যদি আমরা দুইশত কোটি টাকা দিয়ে সম্প্রচার স্বত্ব কিনি তাহলে টেলিভিশন চলবে কী করে? সবচেয়ে বড় বিষয় হলো, এত টাকা দিয়ে স্বত্ব কিনে বিটিভি তো কোনোভাবেই লাভ করতে পারবে না। বড় ক্ষতির মুখে পড়তে হবে।’

অর্থনৈতিক সংকটের পাশাপাশি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ম্যাচের সময়সূচি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়- এই তিন দেশে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ১০৪টি ম্যাচের মধ্যে ৫২টি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টার আগে। আর বাকি ৫২টি ম্যাচ ভোর ৪টার পর। অর্থাৎ, সিংহভাগ ম্যাচই অনুষ্ঠিত হবে ভোরের দিকে। সম্প্রচার সংশ্লিষ্টরা বলছেন, ভোরের দিকে ম্যাচ হওয়ায় দর্শক সংখ্যা কম থাকবে। এতে বিনিয়োগ করা টাকা ফেরত পাওয়া নিয়ে বড় ধরনের ব্যবসায়িক ঝুঁকি রয়েছে।

বিশ্বকাপ সম্প্রচার নিয়ে এই সংকট কেবল বাংলাদেশেই নয়, ভারত ও চীনের মতো বিশাল বাজারেও এমন অবস্থা তৈরি হয়েছে। ভারতের রিলায়েন্স-ডিজনি ফিফার চাহিদার চেয়ে অনেক কম দাম প্রস্তাব করেছে, অন্যদিকে সনি কোনও প্রস্তাব দিতেই রাজি হয়নি। চীনেও এখন পর্যন্ত কোনও অফিশিয়াল ব্রডকাস্টারের নাম ঘোষিত হয়নি।

/এবিএম/
সম্পর্কিত
 শবনম ফারিয়া অভিনয় করতে চান, তবে…
বিশ্বকাপে সাত সেভ, এবার ব্যালন ডি’অরের লড়াইয়ে ভোজিনহা
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
সর্বশেষ খবর
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
দেশে ধর্মের নামে যেন কোনও বিভেদ না থাকে: প্রধানমন্ত্রী
দেশে ধর্মের নামে যেন কোনও বিভেদ না থাকে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-জাপান চিকিৎসা সহযোগিতা বাড়ানোর উদ্যোগ
বাংলাদেশ-জাপান চিকিৎসা সহযোগিতা বাড়ানোর উদ্যোগ
শিক্ষকের রক্তাক্ত ছবি পাঠিয়ে টাকা দাবি, পারে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার
শিক্ষকের রক্তাক্ত ছবি পাঠিয়ে টাকা দাবি, পারে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি