১০ বছর পর ভারতের কাছে হারতে হয়েছে বাংলাদেশকে। সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে এমন অসহায় হারে হতবাক মারিয়া মান্দার দল। ফাইনালে আবারও সেই শক্তিশালী প্রতিপক্ষ ভারত। তবে ট্রফি ছোঁয়া দূরত্বের ম্যাচে এবার আর বাংলাদেশ হারতে চায় না। হ্যাটট্রিক চ্যাম্পিয়নের মিশনে আগের ম্যাচের ভুল-ত্রুটি শুধরে ট্রফি জিতে উৎসব করতে চাইছে মারিয়া-আফঈদা-ঋতুপর্ণারা। গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে শনিবার (৬ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে ফাইনাল।
দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের সর্বোচ্চ এই প্রতিযোগিতায় রেকর্ড পাঁচ ট্রফির সবশেষটি ভারত জিতেছিল ২০১৯ সালে। এরপর ভারতের আধিপত্য গুঁড়িয়ে ২০২২ সালে বাংলাদেশের প্রথম শিরোপা জয়, ২০২৪ সালে সেই ধারাবাহিকতায় ট্রফি ধরে রাখার পর এবার টানা তৃতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের হাতছানি।
অধিনায়ক মারিয়া মান্দা থেকে সবাই জানেন এমন সুযোগ হাতছাড়া করা যাবে না। সামনে আর আসবেও না। তাই সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে ভারতের বিপক্ষে লড়তে চায় সবাই।
আজ অধিনায়ক মারিয়া মান্দা সংবাদ সম্মেলনে যেমন বলেছেন, “আমরা জানি, ভারত অনেক শক্তিশালী, তো আমরা সেভাবেই প্রস্তুতি নিয়েছি। আগের ম্যাচগুলোতে যে ভুলগুলো করেছি, আজকের দিনটা ছিল সেগুলো শুধরে নেওয়ার। আমরা সেভাবে প্রস্তুতি নিয়েছি, আমরা লড়াই করবো। অধিনায়ক ও খেলোয়াড় হিসেবে খুব (রোমাঞ্চ কাজ করছে) মনের ভিতরে; কেননা শিরোপা জয়ের সুযোগ পেয়েছি আবার।”
এরপর তার আশাবাদী কথা, “বিগত দিনে, আমরা দুইটা সাফ জিতেছি; তৃতীয়বারের মতো সুযোগ এসেছে। সবসময় তো আর এমন সুযোগ থাকে না। সুযোগটা পেয়েছি, এটা কাজে লাগানোর জন্যই আমরা সর্বোচ্চ চেষ্টা করে এসেছি, পরিশ্রম করে এসেছি। তো অবশ্যই ফাইনালে আমরা যেন দেশবাসীকে কিছু দিতে পারি, ভালো খেলা উপহার দিতে পারি, সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা লড়াই করবো।”









