কেএফসি স্বাধীনতা কাপে 'খ' গ্রুপ থেকে সেমিফাইনালের পথে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাচ্ছে শেখ রাসেল ক্রীড়া চক্র। আজ সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় দুই বিদেশি ফরোয়ার্ড ফিকরু টেফারা ও পল এমিলের গোলে ২-১ ব্যবধানে রহমতগঞ্জকে হারিয়ে টানা তৃতীয় জয় উদযাপন করে শেখ রাসেল।
খেলার পঞ্চম মিনিটে ফিকরু টেফারার দর্শনীয় গোলে এগিয়ে যায় শেখ রাসেল। বাঁ দিক থেকে অধিনায়ক আতিকুর রহমান মিশুর মাপা ক্রসে লক্ষ্যভেদ করেন ইথিওপিয়ার এই ফরোয়ার্ড। বক্সের মাঝ থেকে করা তার হেডটিতে ছিল পাওয়ার ও সঠিক ভারসাম্য। রহমতগঞ্জ গোলরক্ষক আল আমিনের চেয়ে দেথা ছাড়া আর কিছুই করার ছিল না।
এ নিয়ে তিন ম্যাচে ৫ গোল করে স্বাধীনতা কাপের গোলদাতার তালিকায় শীর্ষে উঠে এলেন তিনি। ৪ গোল নিয়ে তার পরেই আছেন শেখ জামাল ফরোয়ার্ড ওয়েডসেন আনসেলমে।
১৫ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় শেখ রাসেল। আবারও মিশুর থ্রু বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ দিক থেকে জাহিদ হোসেন এমিলি ক্রস দেন। রহমতগঞ্জের ডিফেন্ডাররা ফিকরুকে নিয়েই বেশি ব্যস্ত ছিলেন। তাই আনমার্কড থেকে যান পল এমিল। মাটি কামড়ানো শটে দূরের পোস্টে গোল করেন ক্যামেরুনের এই ফরোয়ার্ড।
৮৫ মিনিটে ব্যবধান কমান রাশেদ তুর্য্য। মো. সোহেলের ক্রসে স্লাইড করে প্লেসিং শটে রাসেল গোলকিপার লিটনকে পরাস্ত করেন তুর্য্য। তিন খেলায় তিন জয়ের মাঝে এটিই রাসেলের সবচেয়ে সাবলীল জয়। এর আগে টিম বিজেএমসির সাথে ৩-২ ও আরামবাগের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছিল মারুফুল হকের শিষ্যরা।
/আরএম/এমআর/








