বিশ্বকাপে গ্রুপ ‘বি’ এর আরেক ম্যাচে কাতারকে ৩-১ গোলে হারিয়ে নকআউট পর্বে ওঠার সম্ভাবনা উজ্জ্বল করেছে বসনিয়া ও হার্জেগোভিনা। এই হারের ফলে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে কাতারের।
জয়ের ফলে গ্রুপে তৃতীয় স্থানে থাকা বসনিয়া ও হার্জেগোভিনা শেষ ৩২-এ জায়গা পাওয়ার খুব কাছাকাছি পৌঁছে গেছে। ১২টি গ্রুপের মধ্যে সেরা আটটি তৃতীয় স্থানঅর্জনকারী দল নকআউট পর্বে খেলার সুযোগ পাবে। এখন তারা বি গ্রুপের তৃতীয়স্থান অর্জনকারী দল। ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে সুইজারল্যান্ড, ৪ পয়েন্ট নিযে রানার্স আপ কানাডা। তৃতীয় হওয়া বসনিয়ার পয়েন্টও ৪।
নকআউট পর্বে উঠতে পারলে এটি হবে বসনিয়া ও হার্জেগোভিনার ইতিহাসে প্রথম। এর আগে ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে একবারই অংশ নিয়েছিল দেশটি।
ম্যাচের ২৯ মিনিটে কেরিম আলাইবেগোভিচ গোল করে বসনিয়াকে এগিয়ে দিয়েছিলেন। এই গোলের মাধ্যমে তিনি আবার বিশ্বকাপ ইতিহাসের অষ্টম কনিষ্ঠ গোলদাতা এবং বসনিয়া ও হার্জেগোভিনার ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা হিসেবে নাম লেখান।
পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণও করে তারা। সেয়াদ কোলাসিনাচের ক্রস থেকে এদিন জেকোর ভলি কাতারের সুলতান আল-ব্রাকের গায়ে লেগে জালে জড়ালে আত্মঘাতী গোলের সুবাদে স্কোর হয়ে যায় ২-০। ৪২ মিনিটে হাসান আল-হাইদোস গোল করে কাতারকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেছিলেন। কিন্তু বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে বসনিয়া। ৮০ মিনিটে এরমিন মাহমিচ গোল করে দলের জয় সুনিশ্চিত করেন।






