‘কিছু মানুষ আছে, যারা চায় না আর্জেন্টিনা জিতুক’

তানজীম আহমেদ, কানসাস (যুক্তরাষ্ট্র) থেকে
১১ জুলাই ২০২৬, ১১:৪১আপডেট : ১১ জুলাই ২০২৬, ১১:৪১

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনিকে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে রেফারিং বিতর্ক, ভিএআর, ভ্রমণজনিত ক্লান্তি, ঠাসা সূচি থেকে শুরু করে দলের মানসিকতা—সব বিষয়েই কথা বলেছেন তিনি।

কানসাসে অনুশীলন শেষ করে সংবাদ সম্মেলনে আসেন স্ক্যালোনি। সেখানে আর্জেন্টিনার প্রতি রেফারিদের কথিত পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন করা হলে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, ‘১৯৮৬ সালেও বলা হয়েছিল আমরা বিশেষ সুবিধা পাচ্ছি। তাই এটি নতুন কিছু নয়। আর্জেন্টিনা সব সময়ই এই টুর্নামেন্টে শক্তিশালী দল । এমন কিছু মানুষ আছে, যারা চায় না আর্জেন্টিনা জিতুক।’

স্ক্যালোনির ভাষায়, ‘এটা স্বাভাবিক। যেমন অনেকেই অন্য দলগুলোর জিতুক, সেটাও চায় না। হয়তো আমাদের ক্ষেত্রে এমন মানুষের সংখ্যা একটু বেশি। তবে খেলোয়াড়রা বিষয়টি বোঝে। আমরা এটিকে এক ধরনের প্রেরণা হিসেবে ব্যবহার করি, যাতে তারা আরও ভালো খেলতে পারে।’

ভিএআর যুগে পক্ষপাতিত্বের সুযোগ নেই বলেও দাবি করেন বিশ্বকাপজয়ী এই কোচ।

‘এখনকার ভিএআর প্রযুক্তির যুগে কাউকে বিশেষ সুবিধা দেওয়া খুবই কঠিন। ভিএআর-এ দ্বিমুখী ব্যাখ্যারও সুযোগ নেই,’ বলেন স্ক্যালোনি।

মিশরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে বাতিল হওয়া গোলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘লিসান্দ্রো (মার্তিনেজ)-এর পায়ে চাপ দেওয়া হয়েছিল। সেটা সামান্য হোক বা বেশি, সেটি ফাউলই। এখানে ভিন্নভাবে ব্যাখ্যা করার সুযোগ নেই।’

রেফারিং বিতর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরঞ্জিত আলোচনা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

স্ক্যালোনি বলেন, ‘কোনও পক্ষপাতিত্ব নেই। এটি মূলত সামাজিক যোগাযোগমাধ্যমের একটি হুজুগ। আজকাল খুব ছোট বিষয়ও বড় করে দেখা হয়। ফুটবলে সাহায্য বলে কিছু নেই। ২০২৬ সালে এসে এত প্রযুক্তির মধ্যে সেটা সম্ভবও নয়। নিয়মগুলো পরিষ্কার। বাস্তবের চেয়ে এ বিষয়টি নিয়েই বেশি আলোচনা হচ্ছে।

বিশ্বকাপে এক শহর থেকে আরেক শহরে যাতায়াতের ভোগান্তির কথাও তুলে ধরেন স্ক্যালোনি।

তিনি বলেন, ‘ভাগ্য ভালো, অন্য অনেক দলের তুলনায় আমাদের এত বেশি ভ্রমণ করতে হয়নি। আমরা যদি গ্রুপে দ্বিতীয় হতাম, তাহলে যুক্তরাষ্ট্রের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, এমনকি কানাডাও ঘুরতে হতো। একদিন তো বিমানে লাগেজের ওজনের সমস্যা দেখিয়ে আমাদের বিমানবন্দরে আরও এক ঘণ্টা আটকে রাখা হয়েছিল। ফলে ভোর ৪টা বা ৫টার আগে হোটেলে পৌঁছাতে পারিনি।’

তার ভাষ্য, ‘অনেকে মনে করেন এসব কোও বিষয় নয়। কিন্তু অবশ্যই এগুলোর প্রভাব পড়ে। পুরো সময়টাই ভ্রমণে কেটে যায়। অথচ বিশ্রাম খুবই গুরুত্বপূর্ণ।’

টুর্নামেন্টের শেষ দিকে ঠাসা সূচি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন স্ক্যালোনি।

তিনি বলেন, ‘বিশ্বকাপের শেষ দিকে ম্যাচগুলোর মাঝে আরও বেশি বিরতি থাকা উচিত। আমি এই কথা বলতে বলতে ক্লান্ত হব না। আমার বিশ্বাস, এভাবেই হওয়া উচিত।’

শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে কোয়ার্টার ফাইনালে ওঠে আর্জেন্টিনা। সেই ম্যাচ শেষে পরিবারের সঙ্গে আবেগঘন মুহূর্ত নিয়েও কথা বলেন স্ক্যালোনি।

তিনি বলেন, ‘ওই আলিঙ্গনটা ব্যক্তিগতই থাকার কথা ছিল। কিন্তু কেউ সেটা ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। বিশেষ করে সেখানে ছোট বাচ্চারা ছিল, তাই বিষয়টি ঠিক হয়নি। অবশ্য কাতারেও আমি গ্যালারিতে গিয়েছিলাম। এখন এসব মেনেই নিতে হয়। আমি জানতামই না, আমাকে রেকর্ড করা হচ্ছে।’

পরিবারের উপস্থিতি তাকে আবেগাপ্লুত করেছিল বলেও জানান তিনি।

আর্জেন্টাইন কোচ বলেন, “আমি চাইনি তারা বিশ্বকাপে আসুক। কারণ আগের বিশ্বকাপেও তারা সেই চাপের মধ্য দিয়ে গেছে। কিন্তু হঠাৎ করেই চলে আসে। তারা ম্যাচটি উপভোগ করেছে। যদিও তাদের মতে, মাঠে থাকার চেয়ে বাড়িতে বসে খেলা দেখা আরও কঠিন। বিশেষ করে শেষ ম্যাচে তারা খুবই উত্তেজনার মধ্যে ছিল।”

জাতীয় দলের উত্তরাধিকার বা প্রভাব নিয়ে প্রশ্ন করা হলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর কথা উল্লেখ করেন স্ক্যালোনি। সেখানে দেখা যায়, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এক শিশু নির্ধারিত বক্তব্য না পড়ে চিৎকার করে বলে ওঠে, “কাম অন আর্জেন্টিনা, গো মেসি, চলো চতুর্থ শিরোপার পথে!”

এ প্রসঙ্গে স্ক্যালোনি বলেন, ‘ভিডিওটি দেখে আমার চোখে পানি চলে এসেছিল। যদি একটি ১০ বছরের শিশুর হৃদয় থেকে কথাগুলো এসে থাকে, তাহলে সেটি অবিশ্বাস্য। আমরা শুধু জেতার জন্য ফুটবল খেলি না, এমন মুহূর্তগুলোর জন্যও খেলি।’

/এম/
সম্পর্কিত
সবসময় কাতারের মতো এত ভালো খেলা সম্ভব নয়: স্ক্যালোনি
সুইজারল্যান্ডের বিপক্ষে মেসির গোল কয়টি, কতবার জিতেছে আর্জেন্টিনা?
বিশ্বকাপে গোল মিস করা ফুটবলারকে হত্যার হুমকি
সর্বশেষ খবর
সবসময় কাতারের মতো এত ভালো খেলা সম্ভব নয়: স্ক্যালোনি
সবসময় কাতারের মতো এত ভালো খেলা সম্ভব নয়: স্ক্যালোনি
উত্তাল সমুদ্রে ৩ দিন ভেসে ভেসে যেভাবে প্রাণ নিয়ে ফিরলেন আল আমিন
উত্তাল সমুদ্রে ৩ দিন ভেসে ভেসে যেভাবে প্রাণ নিয়ে ফিরলেন আল আমিন
‘ডিএমসি ডে’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
‘ডিএমসি ডে’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
সর্বাধিক পঠিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
এখনও অন্ধকারে জাপান গার্ডেন সিটির ৯ ভবন
এখনও অন্ধকারে জাপান গার্ডেন সিটির ৯ ভবন
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
যুক্তরাষ্ট্র-ইসরায়েল চালায়নি, তাহলে ইরানে হামলা চালালো কোন দেশ
যুক্তরাষ্ট্র-ইসরায়েল চালায়নি, তাহলে ইরানে হামলা চালালো কোন দেশ