অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান। জার্মান জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন ইয়ুর্গেন ক্লপ। লিভারপুলে সাফল্যের পর এই কোচ এবার জার্মানিকে নতুন করে গড়ার মিশনে নামছেন। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দীর্ঘমেয়াদি চুক্তিতে ক্লপকে নিয়োগ দিয়েছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)।
শুক্রবার আনুষ্ঠানিকভাবে ক্লপের নিয়োগের ঘোষণা দেয় ডিএফবি। সংস্থাটির সভাপতি বার্ন্ড নয়েনডর্ফ জানান, পরিচালনা পর্ষদের সর্বসম্মত সিদ্ধান্তেই ক্লপকে দায়িত্ব দেওয়া হয়েছে। তার ভাষায়, জার্মান জাতীয় দলের জন্য ক্লপই ছিলেন আদর্শ পছন্দ।
আরও পড়ুন: প্রাণনাশের হুমকিতে মেক্সিকো ছাড়লেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা
সংবাদ সম্মেলনে ক্লপ বলেন, ‘আজ এখানে বসতে পারা আমার জন্য অনেক বড় সম্মানের।’
বিশ্বকাপের শেষ ৩২-এ প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে হেরে বিদায় নেওয়ার পর জার্মানির প্রধান কোচের পদ ছেড়ে দেন হুলিয়ান নাগেলসমান।
এরপর থেকেই ক্লপ ছিলেন আলোচনায়।
ক্লপের চুক্তি কার্যকর হবে ১৫ আগস্ট থেকে এবং এর মেয়াদ ২০৩০ সালের বিশ্বকাপ পর্যন্ত। জার্মানির কোচ হিসেবে তার প্রথম ম্যাচ হবে ২৪ সেপ্টেম্বর নেশনস লিগে। যেখানে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস।
উল্লেখ্য, ২০২৪ সালে ক্লান্তির কারণ দেখিয়ে লিভারপুল ছেড়ে দেওয়ার পর এই প্রথম কোচিংয়ে ফিরছেন ক্লপ।









