ইতালির কোচ হওয়ার দৌড়ে কয়েক দিন ধরেই আলোচনায় ছিলেন পেপ গার্দিওলা। কিন্তু মোটা অঙ্কের বেতন, পূর্ণ স্বাধীনতাসহ সবকিছুর প্রস্তাব দিয়েও স্প্যানিশ এই কোচকে রাজি করাতে পারেনি ইতালিয়ান ফুটবল ফেডারেশন। শেষ পর্যন্ত ফুটবল থেকে বিরতি নেওয়ার নিজের সিদ্ধান্তেই অটল থাকলেন গার্দিওলা।
ম্যানচেস্টার সিটি ছাড়ার পর প্রস্তাব পেয়েছিলেন পেপ গার্দিওলা। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন স্প্যানিশ এই কিংবদন্তি কোচ।
সপ্তাহের শুরুতে ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি জিওভান্নি মালাগো জানিয়েছিলেন, গার্দিওলার সঙ্গে আলোচনা হয়েছে এবং তাকে দলে আনতে বেতনের ক্ষেত্রেও বিশেষ সুবিধা দেওয়ার প্রস্তুতি ছিল।
আরও পড়ুন: গার্দিওলার আগে আনচেলত্তিকে কোচ হিসেবে চেয়েছিল ইতালি
এরপর বৃহস্পতিবার ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি জানান, ইতালি প্রথমে সাবেক তারকা কার্লো আনচেলত্তিকে দায়িত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছিল। তবে বর্তমানে ব্রাজিল জাতীয় দলের কোচ থাকা আনচেলত্তি সেই পদেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
এরপর গার্দিওলার দিকে নজর দেয় ফেডারেশন। কিন্তু গার্দিওলা ইতালিয়ান ফুটবল ফেডারেশনকে জানিয়েছেন, তিনি আপাতত ফুটবল থেকে বিরতি নেওয়ার পূর্বপরিকল্পনাই বাস্তবায়ন করতে চান। এই সময়টাতে তিনি বিশ্রাম নেবেন, পরিবারের সঙ্গে বেশি সময় কাটাবেন এবং ভ্রমণ করবেন।
প্রতিবেদন অনুযায়ী, শুধু বড় অঙ্কের বেতনই নয়, ইতালিয়ান ফেডারেশন গার্দিওলাকে জাতীয় দলের প্রকল্প নিজের মতো করে সাজানোর পূর্ণ স্বাধীনতা দিতে প্রস্তুত ছিল। কারণ, তাদের লক্ষ্য ছিল- টানা তিনটি বিশ্বকাপে খেলতে ব্যর্থ হওয়া ইতালিকে আবারও বিশ্ব ফুটবলের শীর্ষ পর্যায়ে ফিরিয়ে আনা।
গার্দিওলার 'না' বলায় ইতালির নতুন কোচ হওয়ার দৌড়ে এখন সবচেয়ে এগিয়ে রয়েছেন সাবেক তারকা মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলো। বর্তমানে দুবাইভিত্তিক ক্লাব ইউনাইটেড এফসি-র প্রধান কোচ হিসেবে কাজ করছেন তিনি।









