ক্রিস্টিয়ানো রোনালদো শুধু পর্তুগালের সর্বকালের অন্যতম সেরা ফুটবলারই নন, তিনি দেশটির ফুটবলের সবচেয়ে বড় বৈশ্বিক ব্র্যান্ডও। তাই আন্তর্জাতিক ফুটবল থেকে তার বিদায়ের সম্ভাবনা শুধু মাঠের পারফরম্যান্সেই নয়, পর্তুগিজ ফুটবলের বাণিজ্যিক ভবিষ্যতেও বড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম।
পর্তুগিজ গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় দল থেকে রোনালদোর বিদায় পর্তুগালের জন্য কেবল ক্ষতিই নয়, অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
আরও পড়ুন: মেসির ভবিষ্যৎ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন পেরেদেস
২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে স্পেনের কাছে বিদায় নেওয়ার পর পর্তুগালের অধিনায়ক রোনালদো জানিয়ে দেন যে, এটিই ছিল তার শেষ বিশ্বকাপ। পাশাপাশি আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলেও ইঙ্গিত দেন তিনি।
পর্তুগিজ সংবাদ সংস্থা লুসার বরাতে দেশটির ইনস্টিটিউট অব মার্কেটিং ম্যানেজমেন্ট-এর নির্বাহী পরিচালক বলেছেন, রোনালদো নিজেই একটি অসাধারণ মার্কেটিং ব্র্যান্ড। তার উপস্থিতি পর্তুগাল জাতীয় দলকে বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি এনে দেয় এবং সমর্থক ও আন্তর্জাতিক গণমাধ্যমের আগ্রহ বহুগুণ বাড়িয়ে তোলে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক ফুটবল থেকে রোনালদোর অবসর পর্তুগিজ ফুটবল ফেডারেশনের বাণিজ্যিক আয়ে প্রভাব ফেলতে পারে। পাশাপাশি টেলিভিশন দর্শকসংখ্যা এবং ডিজিটাল প্ল্যাটফর্মে ভক্তদের সম্পৃক্ততাও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এমনকি আল-নাসরের এই তারকার জনপ্রিয়তাকে কেন্দ্র করে হওয়া কিছু স্পনসরশিপ চুক্তিও প্রভাবিত হতে পারে।
তবে রোনালদো-পরবর্তী সময়ের প্রস্তুতি ইতোমধ্যেই শুরু করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। নতুন প্রজন্মের ফুটবলারদের আরও বেশি সুযোগ দেওয়া হচ্ছে। এই তালিকায় রয়েছেন জোয়াও নেভেস, ভিতিনহা, নুনো মেন্দেস, রাফায়েল লেয়াও এবং ডিয়েগো কস্তার মতো প্রতিভাবান ফুটবলাররা।
একই সঙ্গে জাতীয় দলের পরিচয়কে একজন তারকার ওপর নির্ভরশীল না রেখে দলগত শক্তির ভিত্তিতে গড়ে তোলার পরিকল্পনাও বাস্তবায়ন করছে ফেডারেশন।
প্রতিবেদনের উপসংহারে বলা হয়েছে, পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে শুধু মাঠে রোনালদোর শূন্যতা পূরণ করা নয়; বরং দীর্ঘদিন ধরে তিনি যে বৈশ্বিক ব্র্যান্ড ভ্যালু, বিপণন সক্ষমতা এবং বাণিজ্যিক সাফল্য এনে দিয়েছেন, সেটি ধরে রাখাও হবে সমান গুরুত্বপূর্ণ।









