গ্রীষ্মকালীন দলবদলের বাজারে আবারও আলোচনার কেন্দ্রে এক ব্রাজিলিয়ান সুপারস্টার। রিয়াল মাদ্রিদের অন্যতম সেরা তারকা ভিনিসিয়ুস জুনিয়রের চুক্তি নিয়ে অনিশ্চয়তার সুযোগ নিতে প্রস্তুত প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল। যা নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা।
দ্য অ্যাথলেটিক-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের চুক্তি নিয়ে চলতি পরিস্থিতির ওপর নজর রাখছে আর্সেনাল। যদি নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা না হয়, তাহলে তাকে দলে ভেড়ানোর চেষ্টা করতে পারে লন্ডনের ক্লাবটি।
প্রতিবেদন অনুযায়ী, ২৬ বছর বয়সী ভিনিসিয়ুসকে আক্রমণভাগ শক্তিশালী করার সম্ভাব্য বিকল্পদের একজন হিসেবে বিবেচনা করছে আর্সেনাল। তবে আগ্রহ এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব দেওয়া হয়নি।
এখন পর্যন্ত আর্সেনাল ও রিয়াল মাদ্রিদের মধ্যে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। তবে ভিনিসিয়ুসকে দলে আনার পরিকল্পনা ক্লাবের ভেতরে সমর্থন পাচ্ছে বলেও জানিয়েছে দ্য অ্যাথলেটিক।
বর্তমানে ভিনিসিয়ুসের চুক্তির মেয়াদ শেষ হতে আর মাত্র ১২ মাস বাকি। নতুন চুক্তি নিয়ে আলোচনা চললেও এখনো কোনো অগ্রগতি হয়নি।
অন্যদিকে, দ্য টেলিগ্রাফ জানিয়েছে, রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনহো ভিনিসিয়ুসের সম্ভাব্য বিদায়ের বিপক্ষে অবস্থান নিয়েছেন। ক্লাব কর্তৃপক্ষকে স্পষ্ট জানিয়েছেন, দলের বড় তারকাদের কাউকেই ছাড়তে চান না স্বঘোষিত স্পেশাল ওয়ান।









