ফিফা আসিয়ান কাপের প্রস্তুতিতে বড় ধাক্কা খেলো বাংলাদেশ। অনুশীলনে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন জাতীয় দলের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। পেশির চোট নিয়ে সোমবার টিম হোটেল ছেড়েছেন বসুন্ধরা কিংসের এই তারকা।
আসিয়ান কাপের প্রাথমিক স্কোয়াডে ছিলেন বিশ্বনাথ। কিংস অ্যারেনায় দলের নিবিড় অনুশীলনেও পুরো মনোযোগ ছিল তার। কিন্তু হঠাৎ অনুশীলনের সময় পেশিতে চোট পান তিনি। পরে তাকে নিয়ে আর ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট।
বিশ্বনাথের চোটের বিষয়টি নিশ্চিত করেছে জাতীয় দলের টিম ম্যানেজমেন্ট। এ ধরনের পেশির চোট থেকে পুরোপুরি সেরে উঠতে সাধারণত চার থেকে পাঁচ সপ্তাহ সময় লাগে। ফলে আসন্ন ফিফা আসিয়ান কাপে তার খেলা হচ্ছে না।
তবে বিশ্বনাথের জন্য সামনে রয়েছে ফেরার সুযোগ। সবকিছু ঠিক থাকলে নভেম্বরে ঘরের মাঠে অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপে জাতীয় দলে ফিরতে পারেন তিনি।
এ প্রসঙ্গে কোচ থমাস ডুলি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘হ্যাঁ, বিশ্বনাথ চোটের কারণে দলে থাকতে পারছে না। এটা হতেই পারে। এছাড়া ইন্দোনেশিয়া যাওয়ার আগ পর্যন্ত আমরা সবাইকে দেখবো। যাওয়ার ঠিক আগে চূড়ান্ত দল দেওয়া হবে।’
২০২৪ সালের সেপ্টেম্বরের পর জাতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন বিশ্বনাথ। চোটের সঙ্গে লড়াই করে চলতি বছরের মার্চে আবারও দলে ফেরেন তিনি। কিন্তু প্রায় ছয় মাসের ব্যবধানেই আবার চোটের কবলে পড়লেন বসুন্ধরা কিংসের এই ডিফেন্ডার।









