বিদায়টা আর খুব দূরে নয়। আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামার আগে সেই শেষ ম্যাচের জার্সিও সামনে আনলেন লিওনেল মেসি। বিশেষ নকশার ১০ নম্বর জার্সি উন্মোচন করে আর্জেন্টিনার কিংবদন্তি অধিনায়ক যেন নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়ের দরজাটাও খুলে দিলেন।
সোমবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে বিশেষ জার্সিটির প্রথম ঝলক দেখিয়েছেন মেসি। ভিডিওতে দেয়ালে সাজানো নিজের পরিচিত বিশ্বকাপের জার্সিটি খুলে তার জায়গায় স্মারক ১০ নম্বর জার্সি ঝুলিয়ে দেন আর্জেন্টাইন অধিনায়ক।
ভিডিওটির ক্যাপশনে মেসি লিখেছেন, ‘আর মাত্র একটি ম্যাচ… একটি জার্সি আজীবনের।’
আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে ম্যাচে প্রথম ও শেষবারের মতো এই বিশেষ জার্সিটি পরবেন ৩৯ বছর বয়সী মেসি। ম্যাচটি হবে আর্জেন্টিনার হয়ে তার বিদায়ী আন্তর্জাতিক ম্যাচ।
চলতি আন্তর্জাতিক উইন্ডোতে আর্জেন্টিনার আরও দুটি প্রীতি ম্যাচ রয়েছে। ৩০ সেপ্টেম্বর কর্দোবার ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হবে তারা। এরপর ৩ অক্টোবর মনুমেন্টালেই বুরকিনা ফাসোর বিপক্ষে খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। তবে মেসি থাকবেন শুধু বিদায়ী ম্যাচে, বেনিনের বিপক্ষে।
মেসির বিদায়ী ম্যাচকে আরও স্মরণীয় করে তুলতে বড় আয়োজনও করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২২ বিশ্বকাপজয়ী পুরো দল ও তাদের পরিবারের সদস্যদের মনুমেন্টালে আমন্ত্রণ জানানো হয়েছে। ফলে মেসির শেষ ম্যাচটি পরিণত হবে দীর্ঘদিনের সতীর্থদের এক আবেগঘন পুনর্মিলনীতে। যে সতীর্থদের সঙ্গে মিলে বহু বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে কাতারে বিশ্বকাপের ট্রফি হাতে তুলেছিলেন তিনি।
গত ৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে বিদায় নিচ্ছেন তিনি। ২০৭ ম্যাচে তার গোল ১২৫টি। তার অর্জনের তালিকায় রয়েছে একটি বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকার শিরোপা।








