মেসির ১১০০ মিলিয়ন ডলারের সাম্রাজ্য, মাঠের বাইরের আয়ই-বা কত?

স্পোর্টস ডেস্ক
০৮ অক্টোবর ২০২৬, ১০:০০ আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ১০:০৭

মাঠে ফুটবল জাদু দেখিয়ে লিওনেল মেসি যে সম্পদ গড়েছেন, সেটিই তার পুরো সাম্রাজ্য নয়। মাঠের বাইরের আয়, বিজ্ঞাপন, স্মারকসামগ্রী, ব্যবসা, হোটেল, রিয়েল এস্টেট, এমনকি ফুটবল ক্লাব মিলিয়ে আর্জেন্টাইন মহাতারকা গড়ে তুলেছেন বিশাল এক অর্থনৈতিক সাম্রাজ্য। ফোর্বসের হিসাবে মেসির বর্তমান সম্পদের পরিমাণ ১.১ বিলিয়ন ডলার। খেলতে খেলতেই বিলিয়নিয়ার হওয়া মাত্র চার ক্রীড়াবিদের একজন তিনি।

মেসির এই সম্পদের বড় অংশ অবশ্য এসেছে ফুটবল খেলে। তবে বিজ্ঞাপন, স্মারকসামগ্রী ও বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগ থেকেও এসেছে ৬০০ মিলিয়ন ডলারের বেশি। হোটেল ব্যবসায় অংশীদারত্ব, তালিকাভুক্ত রিয়েল এস্টেট কোম্পানি এবং দুটি ফুটবল ক্লাবেও বিনিয়োগ রয়েছে তার। সব মিলিয়ে মেসির সম্পদ এমনভাবে তৈরি হয়েছে, যা তার খেলা ছাড়ার পরও বাড়তে পারে। যদিও তার সব ব্যবসায়িক সিদ্ধান্ত সফল হয়নি।

মাঠের বাইরের আয় কীভাবে ১.১ বিলিয়ন ডলারের সম্পদ গড়েছে?

অবশ্যই বড় ভূমিকা রেখেছে, তবে পুরো গল্পটা তা নয়। সংখ্যাগুলোই সেটা স্পষ্ট করে। ফোর্বসের হিসাবে, ক্যারিয়ারে মেসির মোট আয় প্রায় ১.৮ বিলিয়ন ডলার। এর মধ্যে কর ও এজেন্টের ফি দেওয়ার আগে প্রায় ১.২ বিলিয়ন ডলার এসেছে ফুটবল খেলার চুক্তি থেকে। বাকি ৬০০ মিলিয়ন ডলার এসেছে বিজ্ঞাপন, স্মারকসামগ্রী ও ব্যবসা থেকে। অর্থাৎ তার মোট আয়ের প্রায় এক-তৃতীয়াংশ এসেছে মাঠের বাইরের আয় থেকে।

তাই মেসির সম্পদের হিসাবটা এভাবে দেখা যায়, বেতন ও খেলার চুক্তি ছিল মূল ভিত্তি, আর মাঠের বাইরের কর্মকাণ্ড ঠিক করেছে সেই ভিত্তি পরবর্তী সময়ে কতটা বড় হবে। ফোর্বস বলছে, মেসির বর্তমান সম্পদের মূল উৎস হলো বছরের পর বছর সঞ্চিত অর্থ, বিভিন্ন সম্পদের মূল্য বৃদ্ধি এবং অবসরের পর ইন্টার মায়ামিতে অংশীদারত্ব নেওয়ার একটি সুযোগ।

অবশ্য সব প্রতিষ্ঠান মেসির সম্পদের একই হিসাব দেয় না। সেলিব্রিটি নেট-ওয়ার্থের হিসাবে তার সম্পদ ১ বিলিয়ন ডলার, ফোর্বসের চেয়ে ১০০ মিলিয়ন ডলার কম। তবে দুটি হিসাবই একই বিষয় নির্দেশ করে। আর সেটা হচ্ছে ক্রীড়া জীবনের আয়কে দীর্ঘস্থায়ী সম্পদে রূপ দিতে পারেন খুব কমসংখ্যক খেলোয়াড়। মেসি সেই ছোট তালিকায় আছেন লেব্রন জেমস, টাইগার উডস ও ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে।

বছরে বিজ্ঞাপন ও ব্যবসা থেকে কত আয় করেন মেসি?

ফোর্বসের হিসাবে, বছরে প্রায় ৭০ মিলিয়ন ডলার। এর সঙ্গে মাঠের আয়ও প্রায় একই পরিমাণ। সব মিলিয়ে গত ১২ মাসে মেসির আনুমানিক আয় ১৪০ মিলিয়ন ডলার। ২০২৬ সালের ফোর্বসের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রীড়াবিদদের তালিকায় তিনি তৃতীয়।

২০১৪ সালের পর থেকে এই তালিকায় মেসি কখনও পাঁচের নিচে নামেননি। ২০১৯ ও ২০২২ সালে ছিলেন তালিকার শীর্ষে।

তার বিজ্ঞাপনী সাম্রাজ্যের সবচেয়ে বড় ভিত্তি অ্যাডিডাস। ২০০৬ সালে নাইকি ছেড়ে এই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হন মেসি। ২০১৭ সালে স্বাক্ষর করেন আজীবনের চুক্তি। এর বাইরে মাস্টারকার্ড, মিশেলব আল্ট্রা ও লে’জসহ এক ডজনের বেশি প্রতিষ্ঠানের সঙ্গে সক্রিয় অংশীদারত্ব রয়েছে তার।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, মেসি নিজে খুব বেশি কথা বলেন না। খুব কমই সাক্ষাৎকার দেন তিনি। তারপরও একের পর এক ব্র্যান্ড তার সঙ্গে চুক্তি করে। তার প্রয়াত বাবা হোর্হে মেসি ছিলেন তার এজেন্ট ও ব্যবসায়িক ব্যবস্থাপক। ফলে বড় কোনও প্রকাশ্য ব্যবসায়িক কাঠামোর বদলে সীমিত ও নির্ভরযোগ্য একটি গোষ্ঠীর মাধ্যমে মেসির চুক্তিগুলো পরিচালিত হয়। স্পনসরদের কাছে এমন শান্ত ও স্থিতিশীল ভাবমূর্তি খুবই মূল্যবান।

হোটেল ও ২৮২ মিলিয়ন ডলারের রিয়েল এস্টেট কোম্পানিতে মেসির কী আছে?

কোম্পানিটির নাম এদিফিসিও রোস্তোয়ার সোসিমি। ২০২৪ সালে মেসি এটি চালু করেন একটি তালিকাভুক্ত রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট হিসেবে। একই বছরের ডিসেম্বরে স্পেনের ছোট একটি শেয়ার বাজার পোর্টফোলিও স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির লেনদেন শুরু হয়।

ফোর্বসের হিসাবে, কোম্পানিটির বাজারমূল্য ২৮২ মিলিয়ন ডলার। সেলিব্রিটি নেট-ওয়ার্থের হিসাবে তালিকাভুক্তির সময় মূল্য ছিল প্রায় ২৩২ মিলিয়ন ডলার।

এই কোম্পানির অধীনে রয়েছে মিম হোটেলস-এ মেসির অংশীদারত্ব। স্পেন ও অ্যান্ডোরাজুড়ে ছয়টি বুটিক হোটেল রয়েছে এই চেইনের। সেলিব্রিটি নেট-ওয়ার্থের তথ্য অনুযায়ী, কোম্পানিটির মালিকানায় অ্যাপার্টমেন্ট ও বাণিজ্যিক সম্পত্তিও রয়েছে।

তবে এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ। কোনও সূত্রই জানায়নি কোম্পানিটির কত শতাংশ মালিকানা ব্যক্তিগতভাবে মেসির হাতে। তাই ২৮২ মিলিয়ন ডলারকে মেসির ব্যক্তিগত সম্পদ হিসেবে দেখা ঠিক হবে না। বরং এটি বোঝায় তিনি তার অর্থ কোন ধরনের সম্পদে বিনিয়োগ করছেন। 

নিজের বাড়ির ক্ষেত্রেও একই ধরনের বিনিয়োগের প্রবণতা দেখা যায়। ২০০৯ সালে বার্সেলোনার কাছে কাস্তেলদেফেলসে একটি বাড়ি কিনতে প্রায় ২ মিলিয়ন ডলার খরচ করেন মেসি। ২০২১ সালে সানি আইলস বিচের একটি কনডোমিনিয়াম ভবনের পুরো নবম তলা কিনতে ব্যয় করেন ৭.৩ মিলিয়ন ডলার। ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর ফোর্ট লডারডেলের সমুদ্র-তীরবর্তী একটি প্রাসাদ কিনেছেন ১০.৭৫ মিলিয়ন ডলারে।

ইন্টার মায়ামি মেসির সম্পদ কতটা বাড়াতে পারে?

শুরুটা করতে হবে মেসির নেওয়া সিদ্ধান্ত দিয়ে। ২০২২ বিশ্বকাপের পর তিনি চাইলে ক্রিস্টিয়ানো রোনালদোর মতো সৌদি প্রো লিগে যেতে পারতেন। তখন বছরে সর্বোচ্চ ৪০০ মিলিয়ন ডলারের একটি প্রস্তাবের গুঞ্জন ছিল। কিন্তু মেসি বেছে নেন ইন্টার মায়ামিকে। অর্থাৎ বিশাল অঙ্কের অর্থের প্রস্তাব পেছনে ফেলে অন্য পথ বেছে নেন তিনি।

এর বিনিময়ে শুধু বেতন পাননি মেসি। এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের হিসাবে, এ বছর তার নিশ্চিত পারিশ্রমিক ২৮.৩ মিলিয়ন ডলার। যা লিগের অন্য যেকোনও খেলোয়াড়ের দ্বিগুণেরও বেশি। সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, এমএলএসের অংশীদার অ্যাডিডাস ও অ্যাপল টিভির সঙ্গে রাজস্ব ভাগাভাগির চুক্তি থেকেও মেসি আয় করেন।

ইন্টার মায়ামির মালিক হোর্হে মাস মার্চে ব্লুমবার্গকে জানিয়েছিলেন, মেসিকে বছরে ৭০ থেকে ৮০ মিলিয়ন ডলার দেওয়া হচ্ছে।

তবে সবচেয়ে বড় পুরস্কার হতে পারে ক্লাবের মালিকানার অংশ। ফোর্বস জানিয়েছে, অবসরের পর ইন্টার মায়ামির অংশীদারত্ব পাওয়ার একটি সুযোগ নিশ্চিত করেছেন মেসি।

মেসি যোগ দেওয়ার পর ক্লাবটির ফোর্বস মূল্যায়ন ৬০০ মিলিয়ন ডলার থেকে বেড়ে হয়েছে ১.৩৫ বিলিয়ন ডলার, যা এমএলএসের মধ্যে সর্বোচ্চ। মেসির দ্বিতীয় পূর্ণ মৌসুমেই ২০২৫ সালের এমএলএস কাপ জেতে মায়ামি। গত বছরের অক্টোবরে ক্লাবটির সঙ্গে তিন বছরের চুক্তিও বাড়িয়েছেন তিনি।

ক্লাবটিতে মেসির মালিকানার অংশ কতটা হবে, তা অবশ্য কোনও সূত্রই জানায়নি। সেই সংখ্যা প্রকাশ না হওয়া পর্যন্ত তার ১.১ বিলিয়ন ডলারের সম্পদের একটি বড় অংশের প্রকৃত মূল্য অনির্ধারিতই থাকছে।

 

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
বাবা ও ম্যারাডোনাকে স্মরণ করে মেসি জানালেন, ‘এখনও অনেক কিছু বলার বাকি’
আর্জেন্টিনার জার্সিতে মেসির গোলের রেকর্ড ভাঙবেন কে?
মেসি নেই, এবার যে পথে হাঁটবে আর্জেন্টিনা
সর্বশেষ খবর
স্প্যাম কল ঠেকাতে আইফোন ও অ্যান্ড্রয়েডে চালু করবেন যেসব সুবিধা
স্প্যাম কল ঠেকাতে আইফোন ও অ্যান্ড্রয়েডে চালু করবেন যেসব সুবিধা
‘এমন অনন্য উপস্থিতি খুব কম অভিনেতারই ছিল’, নানা পাটেকারের মৃত্যুতে শোক মোদির
‘এমন অনন্য উপস্থিতি খুব কম অভিনেতারই ছিল’, নানা পাটেকারের মৃত্যুতে শোক মোদির
বাবা ও ম্যারাডোনাকে স্মরণ করে মেসি জানালেন, ‘এখনও অনেক কিছু বলার বাকি’
বাবা ও ম্যারাডোনাকে স্মরণ করে মেসি জানালেন, ‘এখনও অনেক কিছু বলার বাকি’
ইছামতীর পাড়ে মঙ্গলগঞ্জ, নীলকুঠির ইতিহাস আর রাতের রোমাঞ্চ
ইছামতীর পাড়ে মঙ্গলগঞ্জ, নীলকুঠির ইতিহাস আর রাতের রোমাঞ্চ
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ