কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ৪-১ গোলের বড় জয়ে সেভিয়াকে বিধ্বস্ত করেছে দলটি। রবিবারের (১৮ অক্টোবর) এই জয়ের ফলে লা লিগার পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ।
আরদা গুলেরের চোখধাঁধানো গোলে এগিয়ে যাওয়ার পর এমবাপ্পের জোড়া গোল এবং ইয়ান ডিওমান্দের দূরপাল্লার দুর্দান্ত শটে জয় নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। এর ফলে শনিবার লিগের শীর্ষে থাকা বার্সেলোনার কাছে ৫-২ গোলে হেরে যাওয়া রিয়াল বেটিসকে টপকে গেছে তারা।
এমবাপ্পের প্রথম গোলটি ছিল অসাধারণ। সেভিয়ার পেনাল্টি বক্সের প্রান্তে রুলেট টার্নে প্রতিপক্ষকে বোকা বানিয়ে তিনি গোলটি করেন। দ্বিতীয় গোলটি আসে পেনাল্টি থেকে, যেখানে পানেনকা কিকে বল জালে পাঠান তিনি।
আগামী সপ্তাহে ক্যাম্প ন্যুতে এল ক্লাসিকোতে মুখোমুখি হওয়ার আগে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা রিয়াল মাদ্রিদের চেয়ে ছয় পয়েন্ট এগিয়ে রয়েছে। দুই স্প্যানিশ পরাশক্তির মাঝখানে দ্বিতীয় স্থানে রয়েছে আতলেতিকো মাদ্রিদ।
নিষেধাজ্ঞার কারণে ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র না থাকায় রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনিয়ো বাঁ প্রান্তে ইয়ান ডিওমান্দেকে খেলান। পাশাপাশি মিডফিল্ডের কেন্দ্রীয় জুটির অংশ হিসেবে আরদা গুলেরকেও দলে রাখেন তিনি।
গত সপ্তাহে চুল টানার কারণে লাল কার্ড দেখেছিলেন ভিনিসিয়ুস। তার সেই বহিষ্কারকে কেন্দ্র করে স্পেনে রেফারিদের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে, বিশেষ করে মাদ্রিদে।
সান্তিয়াগো বার্নাব্যুতে উপস্থিত রিয়াল সমর্থকেরা লা লিগার সভাপতি হাভিয়ের তেবাসের বিরুদ্ধে স্লোগান দেন এবং ব্যানার প্রদর্শন করেন। এর আগে তেবাস বলেছিলেন, রেফারিদের বিশ্বাসযোগ্যতা নষ্ট করার জন্য রিয়াল মাদ্রিদের প্রচেষ্টা নাৎসি প্রচারমন্ত্রী জোসেফ গোয়েবলসের প্রচারণার কৌশলের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।