প্যারিস সেন্ট জার্মেইয়ের কাছে মাঝ সপ্তাহে হারের ক্ষত শুকানোর আগেই বার্সেলোনার সামনে মৌসুমের অন্যতম বড় পরীক্ষা এল ক্লাসিকো। রবিবার রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার আগে প্রতিপক্ষের আক্রমণভাগ নিয়ে সতর্ক বার্সেলোনা কোচ হানসি ফ্লিক। তার মতে, রিয়ালের আক্রমণ সামলাতে হলে রক্ষণে শৃঙ্খলা বজায় রাখা এবং খেলোয়াড়দের মধ্যে সঠিক দূরত্ব ধরে রাখা জরুরি। ম্যাচটা মাঠে গড়াবে আজ রাত ২টায়।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে ফ্লিক বলেছেন, ‘খেলোয়াড়েরা সেরে উঠেছে এবং এই ম্যাচের জন্য প্রস্তুত। এল ক্লাসিকো অন্য রকম, আমাদের এর চেয়ে বড় ম্যাচ আর নেই। সবাই এই ম্যাচ দেখবে। এখানে জিতলে পাওয়া যাবে মাত্র তিন পয়েন্ট, কিন্তু এর গুরুত্ব তার চেয়ে অনেক বেশি।’
টানা চার ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে রিয়াল মাদ্রিদ। ফ্লিকও মনে করেন, দারুণ ছন্দে থাকা প্রতিপক্ষকে মোকাবিলা করতে বার্সেলোনাকে পুরোপুরি প্রস্তুত থাকতে হবে।
বার্সা কোচ বলেন, ‘আমি খুব আত্মবিশ্বাসী একটি দল আশা করছি। রিয়াল মাদ্রিদ দারুণ একটি ক্লাব, তাদের অসাধারণ খেলোয়াড় এবং ভালো কোচ রয়েছে। ফাইনাল থার্ডে তাদের খেলোয়াড়দের মান অনেক উঁচু। সাম্প্রতিক ম্যাচগুলোতে তারা সেটা দেখিয়েছে। আমাদের সতর্ক থাকতে হবে এবং প্রস্তুত থাকতে হবে।’
পিএসজির বিপক্ষে বার্সেলোনার রক্ষণের দুর্বলতা সামনে এসেছিল। ফলে এল ক্লাসিকোর আগে রক্ষণ সামলানোর কৌশল নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে ফ্লিককে। বিশেষ করে বলের দখল না থাকলে খেলোয়াড়দের অবস্থান ঠিক রাখা এবং রক্ষণে জমাট ভাব বজায় রাখার ওপর জোর দিয়েছেন তিনি।
ফ্লিকের ভাষায়, ‘বল পায়ে থাকুক কিংবা না থাকুক, মাঠে আমাদের অবস্থান খুব গুরুত্বপূর্ণ। বলের দখল না থাকলে খেলোয়াড়দের মধ্যে সঠিক দূরত্ব বজায় রাখতে হবে এবং দলকে জমাট রাখতে হবে। এতে হাই ডিফেন্সিভ লাইন নিয়ে খেললে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।’
এ মৌসুমে আক্রমণে দুর্দান্ত বার্সেলোনা। ১২ ম্যাচে তারা ৫০ গোল করেছে। তবে রক্ষণে উদ্বেগের যথেষ্ট কারণও রয়েছে। এই সময়ের মধ্যে ১৫ গোল হজম করেছে তারা। রিয়ালের শক্তিশালী আক্রমণভাগের সামনে এই দুর্বলতা বড় পরীক্ষায় ফেলতে পারে কাতালান ক্লাবটিকে।