ম্যাচ চলাকালে মাঠে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন যারা

স্পোর্টস ডেস্ক
০৪ নভেম্বর ২০২৬, ১০:০০ আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ১০:০০

ফুটবল মাঠে প্রতিদ্বন্দ্বিতা, উত্তেজনা আর রোমাঞ্চের পাশাপাশি কখনও কখনও নেমে আসে ভয়াবহ শোক। খেলার মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়া কিংবা প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয়ে প্রাণ হারানোর ঘটনা ফুটবলকে স্তব্ধ করেছে বারবার। সর্বশেষ স্পেনের দ্বিতীয় বিভাগের ম্যাচে এফসি অ্যান্ডোরার গোলরক্ষকের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে আহত হয়ে প্রাণ হারিয়েছেন তেনেরিফের ৩০ বছর বয়সী স্ট্রাইকার হেসুস দে মিগেল। তবে ফুটবল মাঠে কিংবা ম্যাচে পাওয়া চোটের কারণে প্রাণ হারানোর ঘটনা এটাই প্রথম নয়। অতীতেও এমন মর্মান্তিক মৃত্যুর সাক্ষী হয়েছে ফুটবলবিশ্ব।

এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে মাঠে প্রাণ হারানো কিংবা ম্যাচে গুরুতর অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা পাঁচ ফুটবলারের ঘটনা।

মার্ক-ভিভিয়েন ফোয়ে, জুন ২০০৩

ক্যামেরুনের মিডফিল্ডার মার্ক-ভিভিয়েন ফোয়ে কনফেডারেশন্স কাপের সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ চলাকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাঠে লুটিয়ে পড়েন। ফ্রান্সের লিওঁতে অনুষ্ঠিত ওই ম্যাচে হঠাৎ অচেতন হয়ে পড়েন সাবেক ম্যানচেস্টার সিটি, ওয়েস্ট হাম ও লিওঁর এই ফুটবলার।

চিকিৎসকেরা মুখে শ্বাস দেওয়াসহ অক্সিজেন প্রয়োগ করে তাকে বাঁচানোর চেষ্টা করেন। মাঠ থেকে তুলে নেওয়ার পর টানা ৪৫ মিনিট তার হৃদ্‌যন্ত্র সচল করার চেষ্টা চলে। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে মাত্র ২৮ বছর বয়সে মারা যান ফোয়ে।

তার মৃত্যুর পর ফুটবলারদের হৃদ্‌রোগের ঝুঁকি সংক্রান্ত পরীক্ষা এবং ম্যাচ চলাকালে জরুরি চিকিৎসা ব্যবস্থায় পরিবর্তন আসে। ক্লাবের চিকিৎসক দলকে সিপিআর ও ডিফিব্রিলেটর ব্যবহারের প্রশিক্ষণ দেওয়ার বিষয়টিও গুরুত্ব পায়।

আন্তোনিও পুয়ের্তা, আগস্ট ২০০৭

স্পেনের জাতীয় দলের ফুটবলার আন্তোনিও পুয়ের্তা লা লিগায় গেতাফের বিপক্ষে সেভিয়ার হয়ে খেলতে গিয়ে মাঠে লুটিয়ে পড়েন। তখন তার বয়স ছিল মাত্র ২২ বছর। দীর্ঘ সময় হৃদ্‌যন্ত্র বন্ধ থাকার পর একাধিক অঙ্গ বিকল হয়ে যায় তার। তিন দিন পর মৃত্যুর কাছে হার মানেন তিনি।

এর মাত্র তিন মাস আগে সেভিয়ার উয়েফা কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন পুয়ের্তা।

স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও রামোসের শরীরে পুয়ের্তার স্মরণে ট্যাটু রয়েছে। ২০১০ বিশ্বকাপ জয়ের সময়ও তাকে উৎসর্গ করা টি-শার্ট পরেছিলেন রামোস।

পুয়ের্তাকে স্মরণ করে রামোস বলেছিলেন, ‘আন্তোনিও সব সময় আমার সঙ্গে আছে। পরের ম্যাচে আমি তার জার্সি পরে মাঠে নেমেছিলাম। এরপর দীর্ঘদিন তার স্মরণে তৈরি জার্সি পরেছি।’

ফিল ও’ডোনেল, ডিসেম্বর ২০০৭

স্কটিশ প্রিমিয়ার লিগে ডান্ডি ইউনাইটেডের বিপক্ষে মাদারওয়েলের ৫-৩ গোলের জয়ের শেষ দিকে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান দলটির অধিনায়ক ফিল ও’ডোনেল।

৩৫ বছর বয়সী এই মিডফিল্ডারকে বদলি করার প্রস্তুতি চলছিল। ঠিক সেই সময় মাঠে লুটিয়ে পড়েন তিনি। প্রায় পাঁচ মিনিট মাঠেই তার চিকিৎসা চলে। পরে অপেক্ষমাণ অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়।

ক্যারিয়ারে স্কটল্যান্ড জাতীয় দল, সেল্টিক ও শেফিল্ড ওয়েডনেসডের হয়ে খেলেছেন ও’ডোনেল। তার মৃত্যুতে স্কটিশ ফুটবলে শোকের ছায়া নেমে আসে। শোকের কারণে বেশ কয়েকটি ম্যাচও স্থগিত করা হয়েছিল।

তার কোচ মার্ক ম্যাকগি বলেছিলেন, ‘সব দিক থেকেই সে ছিল অসাধারণ একজন মানুষ।’

ক্রিস্তিয়ানো জুনিয়র, আগস্ট ২০০৪

ব্রাজিলিয়ান ফুটবলার ক্রিস্তিয়ানো জুনিয়র ছিলেন তখন ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার। ২০০৪ সালের ফেডারেশন কাপ ফাইনালে বেঙ্গালুরুতে ডেম্পোর হয়ে খেলার সময় প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তিনি। ম্যাচের ৭৮ মিনিটে গোল করার পরই ঘটে সেই দুর্ঘটনা।

২৫ বছর বয়সী এই ফুটবলার ভারতে এসেছিলেন মায়ের জন্য একটি বাড়ি তৈরির অর্থ উপার্জনের স্বপ্ন নিয়ে। সংঘর্ষের পর মাঠে লুটিয়ে পড়লে তার সতীর্থ ও নাইজেরিয়ান স্ট্রাইকার সান্তি মার্টিনস দ্রুত এগিয়ে আসেন। অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়ার আগ পর্যন্ত তার পাশে ছিলেন মার্টিনস। তবে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয় জুনিয়রের।

২০২১ সালে টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে দলের অধিনায়ক স্ট্যানলি কোলাকো বলেছিলেন, ‘ম্যাচ চলতে থাকে। আমরা বাকি ১২ মিনিট খেলেছি, ট্রফি নিয়েছি। হাসপাতালে পৌঁছানোর পরই ক্রিস্তিয়ানোর মৃত্যুর খবর পাই। আমরা ভেঙে পড়েছিলাম, নিজেদের সামলাতে পারছিলাম না।’

হুয়ান ইজকিয়েরদো, আগস্ট ২০২৪

উরুগুয়ের ২৭ বছর বয়সী সেন্টারব্যাক হুয়ান ইজকিয়েরদো কোপা লিবার্তাদোরেসের শেষ ষোলোর ম্যাচে অনিয়মিত হৃদস্পন্দনের মারাত্মক সমস্যা বা কার্ডিয়াক অ্যারিথমিয়ায় আক্রান্ত হন। ব্রাজিলের ক্লাব সাও পাওলোর বিপক্ষে নিজের দল নাসিওনালের হয়ে খেলছিলেন তিনি।

মাঠ থেকে হাসপাতালে নেওয়া হলে পাঁচ দিন পর মৃত্যু হয় তার। তখন অনিয়মিত হৃদস্পন্দনের সমস্যার সঙ্গে সম্পর্কিত হৃদ্‌যন্ত্র ও শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানানো হয়।

ইজকিয়েরদোর মৃত্যুর মাত্র ১০ দিন আগে তার দ্বিতীয় সন্তানের জন্ম হয়েছিল। 

 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে ডেমোক্র্যাটরা যা যা করতে পারবে
কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে ডেমোক্র্যাটরা যা যা করতে পারবে
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
দেলদুয়ারের খেলার মাঠের নাম ‘বাংলাদেশ’ 
দেলদুয়ারের খেলার মাঠের নাম ‘বাংলাদেশ’ 
শ্রমিক‌ বিক্ষোভ: মিরপুর-উত্তরায় জলকামান ও অতিরিক্ত পুলিশ মোতায়েন
শ্রমিক‌ বিক্ষোভ: মিরপুর-উত্তরায় জলকামান ও অতিরিক্ত পুলিশ মোতায়েন
সর্বাধিক পঠিত
‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল ‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
বাংলাদেশে পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে যা বললো ভারত
বাংলাদেশে পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে যা বললো ভারত