বাংলাদেশে নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ নেই বলে মন্তব্য করেছেন ভারতের সাফ দলের প্রধান কোচ নওশাদ মুসার। ঢাকায় এসে স্বাভাবিকভাবেই চলাফেরার কথা জানিয়েছেন তারা। বৃহস্পতিবার সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে ৩-২ গোলে হারানোর পর সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন ভারতীয় কোচ।
সম্প্রতি নিরাপত্তাজনিত কারণে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে না আসার বিষয়টি সামনে রেখে মুসাকে প্রশ্ন করা হয়। তবে সাফ খেলতে ঢাকায় আসা ভারতীয় ফুটবল দলের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।
জাতীয় স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মুসা বলেন, ‘আমি বলবো, একদমই না। কোনো উদ্বেগ নেই। আমাদের নিরাপত্তা কর্মকর্তা আগেই পরামর্শ দিয়েছেন, যেন আমরা একা বাইরে না যাই। যেহেতু আমাদের খেলা ছিল, তাই আমরা বাইরে ঘোরাঘুরি করিনি।’
বাংলাদেশে আসার পর অনুশীলন ও ম্যাচের জন্য যাতায়াতে কোনো সমস্যার মুখে পড়তে হয়নি বলেও জানিয়েছেন ভারতের এই কোচ। তার কথায়, ‘আমরা চলাফেরা করছি, গতকাল অনুশীলনে গিয়েছি, আজ ম্যাচ ছিল। আমাদের কোনো সমস্যা হয়নি। আমি কোনো সমস্যা দেখছি না। ক্রিকেটের ক্ষেত্রে কী পরিস্থিতি, তা আমি জানি না। তাই সে বিষয়ে কিছু বলতে পারবো না।’
ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকে নিরাপত্তার বিষয়ে কোনো নির্দেশনা বা সতর্কবার্তা পেয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে মুসা জানান, এ ধরনের কোনো নির্দেশনা তারা পাননি।
এর আগে বৃহস্পতিবার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছে ভারত। এই জয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।