আন্তর্জাতিক ফুটবল থেকে ক্রিস্তিয়ানো রোনালদোর অবসরের ঘোষণায় আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবলাররা। সেই তালিকায় রয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রও। পর্তুগিজ অধিনায়কের বিদায়ে মাত্র এক শব্দেই নিজের শ্রদ্ধা ও সম্মান জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দেন ৪১ বছর বয়সী রোনালদো। ২০০৩ সালে পর্তুগালের হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছিল তার। দীর্ঘ ২৩ বছরের পথচলার ইতি টেনে নভেম্বরের আন্তর্জাতিক বিরতির পর জাতীয় দলের সাত নম্বর জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’ অরজয়ী এই তারকা।
রোনালদোর বিদায়বার্তায় মন্তব্যের ঘরে নেইমার লেখেন, ‘লেন্দা’। পর্তুগিজ এই শব্দের বাংলা অর্থ ‘কিংবদন্তি’। সঙ্গে যোগ করেন হাততালির ইমোজি। সংক্ষিপ্ত এই বার্তাতেই রোনালদোর প্রতি নিজের মুগ্ধতা ও শ্রদ্ধা প্রকাশ করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
ক্লাব ফুটবলে একসময় দুজন ছিলেন দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের খেলোয়াড়। নেইমার খেলেছেন বার্সেলোনায়, আর রোনালদো ছিলেন রিয়াল মাদ্রিদে। স্প্যানিশ ফুটবলের সেই প্রতিদ্বন্দ্বিতা মাঠের মধ্যেই সীমাবদ্ধ ছিল। দুজনের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা বরাবরই ছিল।
পর্তুগালের হয়ে আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর অর্জনও অসাধারণ। দেশের হয়ে ২৩৪ ম্যাচে করেছেন ১৪৬ গোল। আন্তর্জাতিক ফুটবলে পুরুষদের মধ্যে সর্বোচ্চ ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোলের রেকর্ড দুটিই তার দখলে। তার নেতৃত্বে ২০১৬ সালে প্রথমবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতে পর্তুগাল। এছাড়া ২০১৯ ও ২০২৫ সালে জিতেছে উয়েফা নেশনস লিগের শিরোপা।
উল্লেখ্য, চলতি বছর ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক ফুটবল থেকেও বিদায় নিয়েছেন নেইমার। জাতীয় দলের হয়ে ১৩০ ম্যাচে ৮০ গোল করে তিনি ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।