দীর্ঘদিন পর সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে উঠেছে ভুটান। প্রতিপক্ষ হিসেবে ভারতকে পেলেও তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ভুটানের গতি, কৌশল ও প্রতি-আক্রমণের সামর্থ্য নিয়ে সতর্ক ভারতীয় শিবির। তবে প্রতিপক্ষকে সমীহ করলেও জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না ভারতের কোচ নওশাদ মুসা।
শনিবার (১৩ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় জাতীয় স্টেডিয়ামে সেমিফাইনালে মুখোমুখি হবে দুই দল। সাফের ইতিহাসে সর্বোচ্চ ৯ বারের চ্যাম্পিয়ন ভারত। অন্যদিকে, দীর্ঘ ১৮ বছর পর শেষ চারে জায়গা করে নিয়েছে ভুটান। দুই দলের অভিজ্ঞতা ও সাফল্যের পার্থক্য থাকলেও মাঠের পারফরম্যান্সকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন নওশাদ।
ম্যাচের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ভারতীয় কোচ বলেন, ‘এই মুহূর্তে আমার মূল মনোযোগ ভুটানকে ঘিরে। ভুটানের বিপক্ষে কীভাবে ভালো ফুটবল খেলতে পারি এবং ম্যাচটি জিততে পারি, সেটিই গুরুত্বপূর্ণ।’
ভারত-ভুটান ম্যাচের পর রাত সাড়ে ৮টায় দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। নিজ নিজ ম্যাচে জিতলে ফাইনালে ভারত-বাংলাদেশের দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ফাইনাল কিংবা সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে এখনই ভাবতে রাজি নন নওশাদ।
উঠে আসে হামজা চৌধুরীর প্রসঙ্গও। সাফে নিজের প্রথম ম্যাচেই এক গোল ও এক অ্যাসিস্ট করে আলোচনায় এসেছেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার। তবে হামজাকে নিয়ে ভাবার সময় এখন নয় বলে জানিয়ে দিয়েছেন ভারতীয় কোচ। তার কথায়, ‘আগামীকাল আমার ভুটানের ম্যাচ। তাই এই মুহূর্তে হামজা চৌধুরীকে নিয়ে চিন্তা করার চেয়ে ভুটানকে কীভাবে থামানো যায়, সেটি নিয়েই আমার ভাবা উচিত।’
ভুটানের খেলা বিশ্লেষণ করে দলটির সামর্থ্য সম্পর্কে সতর্কবার্তাও দিয়েছেন নওশাদ। শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিপক্ষে তাদের পারফরম্যান্স দেখে ভারতীয় কোচের উপলব্ধি, ভুটান বেশ গোছানো দল। তিনি বলেন, ‘ভুটান বেশ শক্তিশালী দল। তাদের খেলা দেখে বুঝেছি, তারা বেশ গতিশীল এবং কৌশলগতভাবেও শক্তিশালী। তাদের রক্ষণ সামলানোর ধরন এবং প্রতি-আক্রমণে ওঠার পদ্ধতি বেশ ভালো। খেলোয়াড়েরা দ্রুতগতির এবং সুযোগ কাজে লাগাতেও দক্ষ।’
গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে পিছিয়ে পড়েও ২-২ গোলে ড্র করেছে ভুটান। সেই ম্যাচেও তাদের লড়াকু মানসিকতা ও ঘুরে দাঁড়ানোর সামর্থ্যের পরিচয় পাওয়া গেছে।
এদিকে, আবহাওয়া নিয়ে কোনও সমস্যা দেখছেন না নওশাদ। তবে পর্যাপ্ত অনুশীলনের সুযোগ না পাওয়া নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে তার। ম্যাচের আগে দলের প্রস্তুতি ও সমন্বয় নিয়েও কথা বলেছেন ভারতীয় কোচ।
একাদশে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি। আগের ম্যাচের খেলোয়াড়দের ওপরই আস্থা রাখতে চান নওশাদ। তার ভাষায়, ‘দলে খুব বেশি পরিবর্তন আনতে চাই না। কারণ আমি চাই তারা একটি দল হিসেবে নিজেদের গড়ে তুলুক। সম্ভবত আমরা আগের একই একাদশ ধরে রাখবো।’
ভুটানের বিপক্ষে সতর্ক পরিকল্পনা নিয়েই মাঠে নামবে ভারত। তবে কোচের কথায় পরিষ্কার, প্রতিপক্ষকে সমীহ করলেও সেমিফাইনালে তাদের একমাত্র লক্ষ্য জয়।