ঘরোয়া ফুটবল লিগে মোহামেডানের সর্বশেষ শিরোপা ছিল ২০০২ সালে। লিগে এক যুগের বেশি ট্রফি খরা থাকলেও টুর্নামেন্টগুলোতে অনিয়মিতভাবে চ্যাম্পিয়নশিপ পাচ্ছিল। ২০১৪ সালে সর্বশেষ স্বাধীনতা কাপের চ্যাম্পিয়ন সাদা কালো শিবির।
এবার এই টুর্নামেন্টে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল চ্যাম্পিয়ন মোহামেডান। ব্রাদার্স ইউনিয়নের কাছে ৩-২ গোলের ব্যবধানে হেরে ৬ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করল মোহামেডান। শেষ ম্যাচ জিতে ব্রাদার্স ইউনিয়নও ছয় পয়েন্ট নিয়ে মৌসুমের প্রথম টুর্নামেন্টের যাত্রা সমাপ্ত করলো।
ম্যাচের পাঁচটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৫১ থেকে ৫৩ মিনিটে তরুণ ফরোয়ার্ড মান্নাফ রাব্বির নৈপুণ্যে দুই গোলের লিড নেয় ব্রাদার্স ইউনিয়ন। প্রথম গোলটি করেন ব্রাদার্স ইউনিয়নের নবীন তারকা মান্নাফ রাব্বি। বাম প্রান্ত থেকে করা আউডু ইব্রাহিমের মাপা ক্রসে হেড করে ব্রাদার্সকে এগিয়ে দেন তরুণ এই ফরোয়ার্ড। এরপর মাঝমাঠ থেকে কৃষ্ণকুমারের লম্বা থ্রু ডান প্রান্ত থেকে দৌড় শুরু করা মান্নাফ রাব্বির সামনে ফেলেন নাইজেরিয়ান ফরোয়ার্ড এনকোচা কিংসলে। চমৎকার নিয়ন্ত্রণে বল আয়ত্ত্বে নিয়ে দূরের জালে কোনাকুনি শটে বল জড়িয়ে দেন এই তরুণ ফরোয়ার্ড। দুই গোলে পিছিয়ে পড়ার এক মিনিটের মধ্যেই ম্যাচে ফেরে মোহামেডান। ব্রাদার্সের ডিফেন্ডাররা নিজেদের মাঝে ভুল বোঝাবুঝির কারণে বক্সের মাঝে বল পেয়ে যান তৌহিদুল আলম সবুজ। ছোট বক্সের উপর থেকে গোল করতে ভুল করেননি তিনি। চাপ অব্যাহত রেখে ৬৫ মিনিটে খেলায় সমতা নিয়ে আসে মোহামেডান। এবারও তৌহিদুল আলম সবুজের ছোঁয়া। তবে গোলদাতা বিপলু আহমেদ। বক্সের মাঝ থেকে জোরালো শটে তিনি পরাস্ত করেন উত্তম বড়ুয়াকে। ৭৫ মিনিটে ব্রাদার্সের শেষ গোলটি করেন ঘানাইয়ান মিডফিল্ডার আউডু ইব্রাহিম।
/আরএম/এফআইআর/








