মাঠ ও মাঠের বাইরে চরম প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থানে থাকা শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ও চট্টগ্রাম আবাহনীর মধ্যকার কেএফসি স্বাধীনতা কাপের গ্রুপ 'এ'-এর খেলাটি ১-১ গোলে ড্র হয়েছে। ড্রয়ের সুবাদে চট্টগ্রামে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল উন্নীত হলো।
পাঁচ ম্যাচে দশ পয়েন্ট নিয়ে 'বি' গ্রুপ চ্যাম্পিয়ন শেখ রাসেলের মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী। অন্য দিকে শেখ জামাল পাচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে 'এ' গ্রুপের শীর্ষ। শেখ জামালের প্রতিপক্ষ হবে ঢাকা আবাহনী অথবা টিম বিজেএমসি।
খেলার দ্বিতীয় মিনিটেই গোলের কাছাকাছি চলে এসেছিল চট্টগ্রাম আবাহনী। হাইতিয়ান ফরোয়ার্ড লিওনেল প্রিওক্স একক প্রচেষ্টায় বল নিয়ে প্রতিপক্ষ রক্ষণভাগে প্রবেশ করেন। একা পেয়ে যান জামাল গোলরক্ষক মোস্তাককে। কিন্তু বল সরাসরি তার হাতে তুলে দেন।
১৯ মিনিটে পেনাল্টিতে গোল করে এগিয়ে যায় শেখ জামাল। নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকা ডার্লিংটনকে অবৈধভাবে রুখে দেন আবাহনী গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। পেনাল্টি স্পট থেকে রানাকে পরাস্ত করতে ভুল করেননি এমেকা। প্রথমার্ধে স্কোরলাইন ১-০ ছিল।
দ্বিতীয়ার্ধে ভিন্ন চেহারায় আবির্ভূত হয় চট্টগ্রাম আবাহনী। একের পর এক আক্রমণে তারা কোণঠাসা করে শেখ জামালকে। ৬৬ মিনিটে লিওনেল প্রিওক্সের ডান পায়ের জোরালো শট পাঞ্চ করে কর্নারের বিনিময়ে রক্ষা করেন জামাল গোলরক্ষক মোস্তাক।
৭৭ মিনিটে সমতা আনে চট্টগ্রাম আবাহনী। মরোক্কান মিডফিল্ডার তারিক আল জানাবির ফ্রি কিকে চমৎকার রিফ্লেক্স হেডে সমতাসূচক গোলটি করেন নাইজেরিয়ান ডিফেন্ডার আলিসন উডোকা। শেষ বাঁশি পর্যন্ত এই স্কোরলাইন আর পরিবর্তন হয়নি।
/আরএম/এমআর/








