উয়েফা চ্যাম্পিয়নস লিগের দশটি আসরের শিরোপা নিজেদের শোকেসে তুলেছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শিরোপা দূরের কথা আগে কখনও সেমিফাইনালেও খেলা হয়নি ম্যানচেস্টার সিটির। এবারই প্রথম শেষ চারে উঠল ম্যানসিটি। অভিজ্ঞতার বিচারে ভিন্ন মেরুর দল দুটি মুখোমুখি হতে যাচ্ছে ফাইনালে ওঠার লড়াইয়ে। মঙ্গলবার ইত্তিহাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত পৌনে একটায় শুরু হবে ম্যাচটি।
স্বাভাবিকভাবেই এ ম্যাচে এগিয়ে জিনেদিন জিদানের দল। তবে ম্যানসিটিকেও ছোট করে দেখার উপায় নেই ক্রিস্টিয়ানো রোনালদো-গ্যারেথ বেলদের। গত পাঁচ বছরে দুবার ইপিএলের শিরোপা জিতলেও চ্যাম্পিয়নস লিগে পায়ের নিচে মাটি পাচ্ছিল না সিটি। গত দুই আসরে শেষ ষোলো থেকে ছিটকে পড়ার আগের মৌসুমে গ্রুপ পর্বের বাধাই পেরুতে পারেনি তারা।
কিন্তু এবার আরও এগিয়ে সেমিফাইনালের মঞ্চে সিটিজেনরা। তাই এই ম্যাচটিকে গুরুত্বপূর্ণ মনে করে সিটির ব্রাজিলিয়ান তারকা ফের্নান্দো বলেন, 'আমরা জানি এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। শুধু খেলোয়াড়দের জন্যই নয়, ভক্তদের জন্যও। আশা করছি মাদ্রিদের বিপক্ষে আমরা ভালো করতে পারব।'
এদিকে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে রিয়ালের হয়ে খেলা নিয়ে শঙ্কায় ছিলেন দলের সেরা দুই স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজেমা। তবে দলের অনুশীলনের আগে তাদের খেলার ব্যাপারে নিশ্চিত করেছেন কোচ জিদান। এর আগে দুদল চ্যাম্পিয়নস লিগে ২০১২-১৩ মৌসুমে সর্বশেষ গ্রুপ পর্বে লড়েছিল। সেবার ঘরের মাঠে রিয়ালকে ১-১ গোলে সিটি রুখে দিলেও সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-২ গোলে হেরে বিদায় নিয়েছিল।
সিটির নতুন ইতিহাস গড়ার পথে বড় বাধা হতে পারেন দারুণ ফর্মে থাকা রোনালদো। এবারের আসরে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে সর্বোচ্চ ১৬টি গোল করেছেন তিনি। তবে তিনবারের বর্ষসেরা তারকা রোনালদো নিয়ে তেমন ভাবছেন না সিটি কোচ পেল্লেগ্রিনি। ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত ভিয়ারিয়ালের কোচ হিসেবে বেশ কয়েকবার চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হয়েছিলেন তিনি। ওই সময় ইংল্যান্ডের দলটিতে ছিলেন রোনালদো। পেল্লেগ্রিনি বলেন, 'চ্যাম্পিয়ন্স লিগে আমরা তাদের সঙ্গে চারবার খেলেছিলাম এবং প্রতিবার স্কোর ছিল ০-০। সুতরাং রক্ষণাত্মকভাবে নিশ্চিতভাবেই আমরা সঠিক কিছু করেছিলাম।'
/এমআর/








