৩-৩ গোলের ড্রতে শেষ হয়েছে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকির মোহামেডান-ঊষা হাই ভোল্টেজ ম্যাচ।
মূলত আলোর স্বল্পতার কারণে বুধবারের অবশিষ্ট ১৮ মিনিটের খেলা আজ বৃহস্পতিবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এদিন দুই দলই একটি করে গোল করলে খেলা ৩-৩ স্কোরলাইনে শেষ হয়। বুধবার ৫০ মিনিট পর্যন্ত খেলাটি ২-২ গোলে অমীমাংসিত ছিল।
এদিনও আম্পায়ারিং নিয়ে আপত্তি ছিল মোহামেডানের। ১১ মিনিটে একটি পেনাল্টি কর্নারের দাবিতে আবারও ২০ মিনিটের মতো খেলা বন্ধ ছিল। যেকারণে ১৮ মিনিটের ম্যাচ শেষ হতে লাগে ৪০ মিনিটের বেশি!
পুনরায় শুরু হওয়া খেলায় পেনাল্টি কর্নার থেকে ঊষা লিড নেয়। কৃষ্ণ কুমারের পুশ আর সারওয়ারের স্টপের পর আলীম বেলালের ড্র্যাগে এগিয়ে যায় পুরান ঢাকার ক্লাবটি। ম্যাচের শেষ বাঁশি বাজার দুই মিনিট আগে পাকিস্তানি ফরোয়ার্ড ওমর ভুট্টোর পাসে আলতো পুশে মোহামেডানের তারকা ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমি ম্যাচে সমতা আনেন। ৩-৩ স্কোরলাইনে শেষ হয় দুই দিনে গড়ানো ম্যাচ।
এই ড্রয়ের ফলে ঊষার জয়রথ থামলো। ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে অবশ্য এখনো পয়েন্ট তালিকায় শীর্ষে তারা। সমানসংখ্যক ম্যাচে মোহামেডানের পয়েন্ট ১৪।
/আরএম/এফআইআর/








