প্রিমিয়ার হকি লিগে বিশাল জয় পেয়েছে মোহামেডান। অধিনায়ক রাসেল মাহমুদ জিমি ও ভারতের অরবিন্দর সিংয়ের দুর্দান্ত নৈপুণ্যে তারা ৮-১ গোলে উড়িয়ে দিয়েছে আজাদ স্পোর্টিং ক্লাবকে। হ্যাটট্রিক সহ চার গোল করেছেন জিমি, অরবিন্দরের স্টিক থেকেও এসেছে হ্যাটট্রিক।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ৯ মিনিটে দলকে এগিয়ে দিয়েছেন জিমি। চার মিনিট পর পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুন করেছেন অরবিন্দর। বিরতির আগে আরও তিন গোল করেছে ঐতিহ্যবাহী দলটি। ২০ মিনিটে জিমি, ২৪ মিনিটে অরবিন্দর এবং ৩০ মিনিটে নাসির হোসেনের স্টিক থেকে এসেছে গোল তিনটি। ৩৩ মিনিটে আজাদের একমাত্র গোলটি করেছেন দেবাশীষ।
দ্বিতীয়ার্ধেও মোহামেডানের আক্রমণে ভাটা পড়েনি। পেনাল্টি কর্নার থেকে হ্যাটট্রিক পূর্ণ করার পর একক প্রচেষ্টায় নিজের চতুর্থ গোল করেছেন জিমি। ম্যাচের শেষ দিকে হ্যাটট্রিক করেছেন অরবিন্দরও।








