যে কোনও ইভেন্টে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই অন্যরকম আবহ। মাঠের লড়াইয়ে থাকে ‘যুদ্ধের আমেজ’। তবে হকিতে সাম্প্রতিক সময়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে পেরে উঠার মতো কৃতিত্ব দেখাতে পারেনি পাকিস্তান। ভাগ্য পরিবর্তন হয়নি ঢাকায় চলমান এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতেও। টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জেতা ভারতের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান। হেরেছে ৩-১ গোলের ব্যবধানে।
এই জয়ে ভারত পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে জায়গা করে নিয়েছে। ৩ ম্যাচে দুই জয় ও এক ড্রতে ৭ পয়েন্ট ভারতের। এক ম্যাচ কম খেলা পাকিস্তান প্রথম হারে এক পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে।
শুক্রবার মওলানা ভাসানী স্টেডিয়ামে আধিপত্য দেখিয়ে ম্যাচ জিতেছে ভারত। প্রথম গোলটি তারা পেয়েছে ৮ মিনিটে। পেনাল্টি কর্নারে হার্দিক সিংয়ের পুশ থেকে সুমিতের থামানো বলে হারমানপ্রিত সিংয়ের হিট পাকিস্তান গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে জড়ায় পোস্টে।
দ্বিতীয় গোলের জন্য ভারতকে অপেক্ষায় থাকতে হয়েছে অনেকক্ষণ। সাফল্য দেখা দেয় তৃতীয় কোয়ার্টারে। ৪২ মিনিটে আক্রমণ থেকে ভারতকে দ্বিতীয়বারের মতো এগিয়ে নেন আকাশদ্বীপ সিং। দুই গোলে পিছিয়ে থেকে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় পাকিস্তান। তিন মিনিট পরেই ব্যবধান কমায় তারা। গোলমুখে আব্দুল রানার পাস থেকে শেষ সময়ে স্টিক ছুঁয়ে পাকিস্তানকে ম্যাচে ফেরান জুনায়েদ মনজুর।
গোল হজম করেও ভারত হাল ছেড়ে দেয়নি। ৫৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে পাকিস্তানের হাত থেকে ম্যাচটা বের করে নেয় তারা। জাসকরন সিংয়ের পুশ থেকে সুমিতের থামানো বলে নিজের দ্বিতীয় আর দলের হয়ে তৃতীয় গোলটি করেন হারমানপ্রিত সিং।শেষ সময় পর্যন্ত ৩-১ স্কোরলাইন ধরে রেখে ভারত ম্যাচ জিতেই টার্ফ ছেড়েছে।









