আপাতত বিকেএসপির কোচ মালয়েশিয়ার গোপিনাথন কৃষ্ণমূর্তির ওপর-ই আস্থা রেখে চলেছে হকি ফেডারেশন। এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকিতে বাংলাদেশ তার কোচিংয়েই খেলেছে। আগামী ১১ থেকে ১৮ মার্চ শুরু হতে যাওয়া ইন্দোনেশিয়ার এএইচএফ কাপ হকিতেও গোপিনাথনের ওপর ভরসা রেখেছে হকি ফেডারেশন। টুর্নামেন্টে জাতীয় হকি দলের কোচ থাকছেন তিনি। বৃহস্পতিবার ফেডারেশনের নির্বাহী কমিটির সভায় এমন সিদ্ধান্ত হয়েছে।
হকি ফেডারেশনের সভাপতি বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান সভায় সভাপতিত্ব করেন। সভায় সিদ্ধান্ত হয়েছে, ১০ ফেব্রুয়ারি থেকে জাতীয় দলের প্রস্তুতি শুরু হবে। বিকেএসপিতে প্রস্তুতিকালে গোপিনাথনের সহকারী থাকবেন জাহিদ হোসেন রাজু।
হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত্ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ সভাশেষে বলেছেন, ‘ইন্দোনেশিয়ার প্রতিযোগিতাতে গোপিনাথনই বাংলাদেশ দলের কোচ থাকবেন। তার অধীনে দল অংশ নেবে।’
এদিকে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকিতে যে বড় রকমের দেনা হয়েছে, সভায় তা স্থায়ী আমানত (এফডিআর) থেকে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ইউসুফ অবশ্য বলেছেন, ‘এখানে কিছু করার নেই। আমাদের যা জমানো আছে, সেখান থেকেই তো দেনা শোধ করতে হবে। যেখানে বড় অংশ ব্যয় হবে চ্যাম্পিয়নস ট্রফিতে আসা কর্মকর্তাদের যাতায়াত ও থাকা-খাওয়া বাবদ। অথচ টুর্নামেন্ট থেকে আমরা ১ কোটি ২০ লাখ টাকার বেশি আয় করতে পারিনি। খরচ হয়েছে অনেক।’









