এএইচএফ কাপ হকিতে বাংলাদেশ সবসময় ফেভারিটের তালিকায় স্থান পেয়ে আসছে। শেষ দুইবার তো চ্যাম্পিয়নই হয়েছে রাসেল মাহমুদ জিমি-শিতুলরা। এবার লাল-সবুজ দলের সামনে শিরোপা ধরে রাখার মিশন। সেই মিশনে প্রথম বাধা স্বাগতিক ইন্দোনেশিয়া। আজ (শুক্রবার) রাতে জাকার্তায় গ্রুপ পর্বের প্রথম ম্যাচে টার্ফে নামতে যাচ্ছে বাংলাদেশ।
শুরুর ম্যাচ জিতেই এগিয়ে যাওয়ার মিশন গোপিনাথন কৃষ্ণমূর্তির দলের। এমনিতে বাংলাদেশ র্যাঙ্কিংয়ে স্বাগতিকদের চেয়ে বেশ এগিয়ে। জিমিরা আছে ৩৮তম স্থানে। ইন্দোনেশিয়ার অবস্থান ৫১। তাই ম্যাচের আগে কিছুটা হলেও স্বস্তিতে আছে দল। র্যাঙ্কিং দেখলে বাংলাদেশের সামনে পাত্তা পাওয়ার কথা নয় ইন্দোনেশিয়ার। যদিও দুই দল আগে কখনও মুখোমুখি হয়নি।
বাংলাদেশ দলের অধিনায়ক সারোয়ার হোসেন সাবধানী। র্যাঙ্কিং যাইহোক না কেন, প্রতিপক্ষকে সমীহ করছেন। জাকার্তা থেকে বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘প্রতিপক্ষকে মোটেও আমরা খাটো করে দেখছি না। তারা নিজেদের টার্ফে খেলবে। অনেকদিন ধরে অনুশীলন করে আসছে। আমরা আমাদের খেলাটা খেলতে পারলেই জয় আসবে। জয়ের লক্ষ্য নিয়েই টার্ফে নামবো।’
বাংলাদেশ দলের সবারই আগে আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। সবশেষ ঢাকায় চ্যাম্পিয়নস ট্রফি খেলেছেন জিমি-শিতুলরা। তাই সারোয়ার আশাবাদী কণ্ঠে বলেছেন, ‘দলের সবাই এর আগে জাতীয় দলের হয়ে খেলেছে। সবাই জানে কার কী কাজ। তাই সবাই মিলে টিম হিসেবে খেলতে পারলে জয় সম্ভব। আমরা চেষ্টা করবো নিজেদের খেলাটা খেলে জয় নিয়ে মাঠ ছাড়তে।’
চীন শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নেওয়ায় এখন ৯ দল নিয়ে হচ্ছে এই টুর্নামেন্ট।
জাকার্তার টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে চার দল এবং ‘বি’ গ্রুপে লড়বে পাঁচ দল। ‘এ’ গ্রুপে থাকা বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ১৪ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে। ১৫ মার্চ ইরান ও ১৭ মার্চ গ্রুপের শেষ ম্যাচে ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৯ মার্চ সেমিফাইনাল এবং ফাইনাল হবে ২০ মার্চ।
এই টুর্নামেন্টের শীর্ষ তিনটি দল সরাসরি খেলবে এশিয়ান কাপে।









