দেশে প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি হকি লিগ শুরু হতে যাচ্ছে। আগামী ২৮ অক্টোবর মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ছয় দলের এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর টার্ফে গড়াবে। লিগের সূচিও প্রকাশ হয়েছে। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ফ্লাডলাইটের আলোয়।
২৮ অক্টোবর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সাইফ পাওয়ার খুলনা ও একমি চট্টগ্রাম। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। একই দিন খেলবে সাকিব আল হাসানের মোনার্ক মার্ট পদ্মাও। রাত সোয়া আটটায় তাদের প্রতিপক্ষ রুপায়ন সিটি কুমিল্লা।
ছয়টি দল একে অন্যের সঙ্গে দুইবার করে মুখোমুখি হবে। প্রথম পর্বের খেলা শেষ হবে ১২ নভেম্বর। প্রতিদিন দুটি করে ম্যাচ হলেও ১২ নভেম্বর প্রথম পর্বের শেষ দিন হবে তিনটি ম্যাচ।
প্রথম পর্বের শীর্ষ চার দল খেলবে পরের রাউন্ডে। শীর্ষ দুই দল খেলবে কোয়ালিফায়ার ম্যাচ। সেই ম্যাচের জয়ী দল সরাসরি ফাইনালে খেলবে। হেরে যাওয়া দল আরেকটি ম্যাচ খেলার সুযোগ পাবে তৃতীয় ও চতুর্থস্থানের মধ্যকার এলিমিনেটর জয়ী দলের সঙ্গে। ১৭ নভেম্বর হবে লিগের ফাইনাল।









