শনিবার মওলানা ভাসানী স্টেডিয়ামে ক্লাব কাপ হকির ‘বি’ গ্রুপে ঊষা ক্রীড়া চক্র ৫-২ গোলে অ্যাজাক্সকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। টানা দুই হারে বিদায় নিয়েছে অ্যাজাক্স। ঊষার জয়ে আবাহনীরও এক ম্যাচ হাতে রেখে সেমিফাইনালে ওঠা নিশ্চিত। মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে আবাহনী ও ঊষা। এ লড়াই গ্রুপসেরা হওয়ার।
এছাড়া দিনের শেষ ম্যাচে কৃত্রিম আলোতে মোহামেডান স্পোর্টিং ৫-১ গোলে পুলিশ এফসিকে হারিয়ে দারুণ সূচনা করেছে। পুলিশের বিদায়ে সাদা কালোদের পাশাপাশি মেরিনার্সও শেষ চার নিশ্চিত করেছে।
ঊষার সহজ জয়ে হাসান যুবায়ের নিলয় ও আরশাদ হোসেন জোড়া গোল করেন। অপর গোলটি করেন তৈয়ব আলী। অ্যাজাক্সের রাকিবুল ও তানজিম গোল করেছেন।
ভারতের সুকল্যাণ মন্ডলকে নিয়ে অ্যাজাক্সের বিপক্ষে খেলতে নামে ঊষা। পঞ্চম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ঊষাকে এগিয়ে দেন নিলয়। ১২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে অ্যাজাক্সকে সমতায় ফেরান অধিনায়ক রাকিবুল।
প্রথম দুই কোয়ার্টারে হাড্ডাহাড্ডি লড়াই হয় দুই দলের। তৃতীয় কোয়ার্টারে মাত্র ৬ মিনিটের ব্যবধানে তিন গোল করে ঊষা। নিলয়ের নিজের দ্বিতীয় গোলের পর জোড়া লক্ষ্যভেদ আরশাদের। ৪৭ মিনিটে অ্যাজাক্সের তানজিম গোল করে ব্যবধান ২-৪ করেন। তার মিনিট দুয়েক পর তৈয়ব দারুণ এক ফিল্ড গোল করে ঊষাকে ৫-২ ব্যবধানের জয় এনে দেন।
সন্ধ্যায় পুলিশ ক্লাবকে বড় ব্যবধানে হারানোর ম্যাচে মোহামেডানের পক্ষে ডিফেন্ডার আমিরুল ইসলাম জোড়া গোল করেন। এছাড়া দ্বীন ইসলাম ইমন, শফিউল আলম শিশির ও আশরাফুল আলম একটি করে গোল করেন। পুলিশের হয়ে আহসান হাবিব এক গোল শোধ দেন। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করলো মোহামেডান। শেষ ম্যাচে মোহামেডান ও মেরিনার্স গ্রুপ সেরার লড়াইয়ে নামবে।









