জুনিয়র এশিয়া কাপ হকিতে তৃতীয় ম্যাচে চমক দেখালো বাংলাদেশ। দুর্ভাগ্য পিছিয়ে থেকে সমতা ফিরিয়ে আবার এগিয়ে গেলেও ম্যাচ জিততে পারেনি। বাংলাদেশকে আটকে দিয়েছে শক্তিশালী মালয়েশিয়া। দুই দলের ম্যাচটি শেষ হয়েছে ২-২ গোলে।
শনিবার ওমানের মাস্কটে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। মালয়েশিয়ার বিপক্ষে সমান তালে খেলেছে মওদুদুর রহমান শুভর দল। যদিও প্রথম কোয়ার্টারে এগিয়ে যায় মালয়েশিয়া। ২ মিনিটে দানিশ দানিয়ালের গোলে বাংলাদেশকে পিছনে ফেলে তারা। পিছিয়ে থেকে ২৭ মিনিটে সফল হয় বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম স্কোর লাইন ১-১ করেছেন। ৩৬ মিনিটে বাংলাদেশ লিডও নেয়। মোহাম্মদ হাসান আক্রমণ থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে নিয়েছেন। চার মিনিট পর আবার সমতায় ফেরে মালয়েশিয়া। মোহাম্মদ নরিজাম পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করে স্কোর লাইন ২-২ করেছেন।
এই স্কোরলাইন ধরে রেখেই বাংলাদেশ টার্ফ ছেড়েছে। ছন্দে থেকে জুনিয়র বিশ্বকাপের পথে একটু একটু করে এগোচ্ছে লাল সবুজ দল।
রবিবার গ্রুপে চতুর্থ ম্যাচে চীনের বিপক্ষে খেলবে বাংলাদেশ।









