অস্ট্রেলিয়া, ফ্রান্সকে ছাড় দেবেন না বাংলাদেশের ডাচ কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২৫, ১৭:৪৬আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ২০:০৫

সিগফ্রাইড আইকম্যান ঢাকায় এসেছেন দিন তিনেক হলো। আজ রবিবার সংবাদ সম্মেলেনে নেদারল্যান্ডস থেকে আসা বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দলের নতুন কোচকে হাজির করা হয়েছে। দুই সহকারী কোচ আশিকুজ্জামান ও মশিউর রহমান বিপ্লবকে সঙ্গে নিয়ে আইকম্যান বিশ্বকাপকে সামনে রেখে নিজের লক্ষ্যের কথা জানালেন।

দুই দিন আগেই আইকম্যানের সঙ্গে চুক্তি সেরে ফেলেছে বাংলাদেশ হকি ফেডারেশন। রবিবার ফেডারেশনের সভাকক্ষে নতুন এই কোচের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দিলেন সাধারণ সম্পাদক লে. কর্ণেল(অব.) রিয়াজুল হাসান।

আগামী ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ভারতের চেন্নাই ও মাদুরাইয়ে হবে অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপ। জুনিয়রদের বিশ্বকাপে প্রথমবার সুযোগ পেয়েছে বাংলাদেশ। এই বড় আসরকে সামনে রেখে দেরিতে হলেও নেদারল্যান্ডসের কোচকে মাত্র চার মাসের জন্য এনেছে। আগামী সেপ্টেম্বর থেকে পুরোপুরি কাজ শুরু করবেন তিনি।

সংবাদ সম্মেলনের পর রবিবার মওলানা ভাসানী স্টেডিয়ামে এসে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হলেন নতুন কোচ। খেলোয়াড়দের সঙ্গে কিছুটা সময় কাটান তিনি।

২৪ দলের জুনিয়র বিশ্বকাপে বাংলাদেশ খেলবে ‘এফ’ গ্রুপে। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়া। মাত্র অল্প কিছুদিন খেলোয়াড়দের নিয়ে অনুশীলন করিয়ে এসব দলের বিপক্ষে লড়াইয়ের সাহস দেখাচ্ছেন না কোচ। বাস্তবতা মেনে নিয়ে তিনি বলেন, ‘আমরা ভালো রেজাল্ট করতে চাই। আমাদের গ্রুপের দলগুলো শক্তিশালী। ওদের সঙ্গে ভালোভাবে লড়াই করতে চাই। যেন আমাদের কেউ উপেক্ষা না করতে পারে। এই ছেলেদের মধ্যে বিশ্বাস জাগাতে চাই যেন আমরা ভালো খেলতে পারি।’

আইকম্যান যোগ করেন, ‘আমাদের গ্রুপে দেখুন। এই গ্রুপের অন্যতম দুর্বল দল আমরা। আমাদের বাস্তবতা মেনে নিতে হবে। এখানে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলতে হবে। যারা অন্যতম কঠিন প্রতিপক্ষ। ফ্রান্স এর আগে বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে। সম্প্রতি ফ্রান্স জাতীয় দল হারিয়েছে অলিম্পিক চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসকে। কোরিয়া এশিয়ার সেরা দল। আমাদের লক্ষ্যই থাকবে তাদের জন্য ম্যাচটিকে কঠিন করে তোলা। তাদের আমরা ছাড় দেবো না। আমরা আশা করি যে ভাগ্য ভালো হলে যে কোনও একটা দলকে হারিয়ে চমক দেখাতে পারি। আমরা প্রমাণ করতে চাই আমরাও কম নই। ছেলেরা খেলতে প্রস্তুত ও রোমাঞ্চিত।’  
 
জাতীয় যুব দলের ক্যাম্পে বর্তমানে রয়েছেন ৪০ জন খেলোয়াড়। প্রথম এক মাস সবাইকে নিয়ে ফিটনেসের উন্নতির জন্য কাজ করবেন কোচ। আগস্ট মাস ধরেই এটা পর্যবেক্ষণ করবেন স্থানীয় কোচেরা। তবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এসে নতুনভাবে কাজ শুরু করবেন আইকম্যান।

এমনিতেই দেশে ঘরোয়া হকি চালু নেই দীর্ঘদিন। স্বাভাবিকভাবেই  খেলোয়াড়দের ফিটনেস নিয়ে কোচ সন্তুষ্ট নন। তাই সবার আগে ফিটনেসকেই অগ্রাধিকার দিচ্ছেন আইকম্যান, ‘আমি চাই বিশ্বকাপ লেভেলের ফিটনেস থাকুক খেলোয়াড়দের। এটা অর্জন করতে না পারলে প্ল্যান বি বা সি থাকবে আমার।’

বিশ্বকাপে যাওয়ার আগে পাকিস্তান ও ইউরোপের দেশগুলোতে ১০টি প্রস্তুতি ম্যাচের পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান বলেন, ‘আমরা সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে পাকিস্তানে পাঠাবো জুনিয়র দলকে। সেখানে কমপক্ষে চারটা ম্যাচ খেলতে চাই। এছাড়া ইউরোপের দলের সঙ্গে খেলবো আমরা। অক্টোবরের শেষ সপ্তাহে সেখানে যেতে পারি আমরা। সেখানে নেদারল্যান্ডস এবং জার্মানির সঙ্গে ১০ দিনের ট্যুর হবে। ওই দেশগুলোর সঙ্গে কমপক্ষে ৬টা ম্যাচ খেলবো।’  

বিশ্বকাপের জন্য সব মিলিয়ে ৫ কোটি টাকার বাজেট ঠিক করেছে ফেডারেশন। এরই মধ্যে এক তৃতীয়াংশ টাকা হাতে পেয়েছেন কর্মকর্তারা। বাকি টাকার জন্য সরকারের দিকে চেয়ে রয়েছে ফেডারেশন। আশার কথা, বাকি টাকাও সরকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। 

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি