এশিয়ান গেমস বাছাই হকিতে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শুভ সূচনা করেছে বাংলাদেশ। ৭ গোলের রোমাঞ্চকর ম্যাচ জিতেছে আশিকুজ্জমানের দল। চাইনিজ তাইপেকে ৪-৩ গোলে হারিয়ে এগিয়ে গেছে লাল সবুজের প্রতিনিধিরা।
থাইল্যান্ডের ব্যাংককে আজ চার মিনিটে চাইনিজ তাইপে শুরুতে এগিয়ে গিয়েছিল। লি চি শুয়ান আক্রমণ থেকে গোল করেন। এক গোলে পিছিয়ে থেকে বাংলাদেশ দারুণভাবে ম্যাচে ফিরে আসে। টানা চারটি গোল করে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। চারটি গোলই আসে পেনাল্টি কর্নার থেকে।
১৫ ও ২২ মিনিটে আশরাফুল ইসলাম জোড়া গোল উপহার দেন। ৩৪ মিনিটে আমিরুল ইসলাম ও ৫৯ মিনিটে দ্বীন ইসলাম ইমন আরও দুই গোল করে চাইনিজ তাইপেকে ব্যাকফুটে ফেলে দেন।
চাইনিজ তাইপে ঠিক এরপরই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। শেষ দুই মিনিটে দুটি গোল দিয়ে শোধ দিয়ে চমক সৃষ্টি করে। আর একটু হলে হয়তো বাংলাদেশের জয় ছিনিয়ে নেওয়ার উপক্রম হয়েছিল। যদিও বাংলাদেশ তা হতে দেয় নি। ম্যাচ জিতেই টার্ফ ছেড়েছে।
এই আসরে বাছাইপর্বের শীর্ষ ৪টি দল আগামী সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসে অংশগ্রহণের সুযোগ পাবে। টুর্নামেন্টে বাংলাদেশ রয়েছে 'পুল বি'-তে। গ্রুপে তাদের প্রতিপক্ষ চাইনিজ তাইপে ছাড়াও শ্রীলঙ্কা ও উজবেকিস্তান।
এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল ওমানের মাসকাটে। কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে ভেন্যু বদলে সেটা এখন ব্যাংককে হচ্ছে।









