এশিয়ান গেমস নারী হকিতে নিজেদের দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ হয়েছে বাংলাদেশ। এগিয়ে থেকেও শেষ পর্যন্ত মালয়েশিয়ার কাছে ৩-১ ব্যবধানে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে পুল ‘এ’-র ম্যাচে মালয়েশিয়ার শক্তিশালী রক্ষণের বিপক্ষে শুরুতে দারুণ প্রতিরোধ গড়ে তোলে বাংলাদেশ। খেলার ২৫ মিনিটে কনা আক্তারের দারুণ এক গোলে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে যায়।
গোল খাওয়ার পর আক্রমণের ধার বাড়ায় মালয়েশিয়া। খেলার ৪০ মিনিটে নুরামিরাহ জুলকিফলি গোল করে মালয়েশিয়াকে সমতায় ফেরান। এর ঠিক ৪ মিনিট পর ৪৪ মিনিটে জাতি মুহাম্মদ গোল করে ব্যবধান ২-১ করেন। ৫৯ মিনিটে নুরামিরাহ নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোলটি করে বাংলাদেশের পয়েন্ট পাওয়ার সব আশা শেষ করে দেন।
এর আগে শক্তিশালী চীনের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেও ১৩-০ গোলে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ।









